Home / সকল আপডেট / নিলামে উঠছে কারাগারে বন্দী অভিনেতা রাজপালের বাড়ি
নিলামে উঠছে কারাগারে বন্দী অভিনেতা রাজপালের বাড়ি

নিলামে উঠছে কারাগারে বন্দী অভিনেতা রাজপালের বাড়ি

বলিউড অভিনেতা রাজপাল যাদবের আইনি জটিলতা আরও বেড়েছে। ১৬ বছর পুরোনো একটি চেক বাউন্স মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। এর মধ্যেই আরেকটি মামলায় তাঁর কাছ থেকে ঋণের টাকা আদায়ে সম্পত্তি নিলামের উদ্যোগ নিয়েছে সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া। আগামী ৯ সেপ্টেম্বর রাজপালের সম্পত্তি নিলাম হওয়ার কথা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রদেশের বান্ডায় অবস্থিত রাজপাল যাদবের একটি সম্পত্তি নিলামে তোলা হবে। সম্পত্তিটির আনুমানিক মূল্য ৩ কোটি ১০ লাখ রুপি। ঋণের অর্থ আদায়ের অংশ হিসেবে ব্যাংকের পক্ষ থেকে কচেহরি রোডে অবস্থিত তাঁর পৈতৃক বাড়িতে নিলামের নোটিশ টাঙানো হয়েছে। একই সঙ্গে তাঁর মালিকানাধীন আরেকটি প্লটের সামনেও নিলামের নোটিশ লাগানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজপাল যাদবের স্ত্রী রাধা যাদব ও মা গোদাবরী দেবীর নামে ১৬ কোটি ৬১ লাখ রুপি ঋণ বকেয়া রয়েছে। দীর্ঘদিন ধরে সেই বকেয়া অর্থ আদায়ের প্রস্তুতি চালিয়ে আসছে সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া।

রাজপাল যাদবের যে সম্পত্তিটি এবার নিলামে তোলা হচ্ছে, ঋণ পরিশোধ না করায় সেটি ২০২৪ সালেই জব্দ করেছিল সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া। উত্তর প্রদেশের শাহজাহানপুরে বাবা নওরঙ্গ যাদবের সম্পত্তি বন্ধক রেখে রাজপাল যাদব ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে না পারায় সুদসহ বকেয়া অর্থ বেড়ে ১১ কোটি রুপিতে পৌঁছে যায়। এরপর ২০২৪ সালের ৮ আগস্ট সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার বান্দ্রা-কুরলা কমপ্লেক্স শাখার একটি দল শাহজাহানপুরে গিয়ে ওই সম্পত্তি ‘সিল’ করে দিয়েছিল। সম্পত্তিটিতে ব্যাংকের পক্ষ থেকে একটি ব্যানারও টাঙানো হয়েছিল। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, সম্পত্তিটি এখন সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। তাই এ সম্পত্তি কেনাবেচা বা এ–সংক্রান্ত কোনো ধরনের লেনদেন করা যাবে না। রাজপাল যাদব তাঁর স্ত্রী রাধা যাদব ও মা গোদাবরী দেবীর নামে থাকা ১৬ কোটি ৬১ লাখ রুপি ঋণ পরিশোধ করতে না পারায় ব্যাংক ঋণটিকে ‘খেলাপি ঋণ’ হিসেবে শ্রেণিভুক্ত করে। এরপর বকেয়া অর্থ আদায়ের জন্য নোটিশ জারি করা হয়।

রাজপাল যাদব। ছবি: ইনস্টাগ্রাম থেকে

২০২৪ সালে ব্যাংক যখন রাজপাল যাদবের সম্পত্তিতে ঋণ আদায়ের নোটিশ টাঙিয়েছিল, তখন অভিনেতা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছিলেন। সে সময় উভয় পক্ষের মধ্যে ঋণ পরিশোধের বিষয়ে সমঝোতা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ শোধ না হওয়ায় মুম্বাই ঋণ পুনরুদ্ধার ট্রাইব্যুনালের (মুম্বাই ডেট রিকভারি ট্রাইব্যুনাল) নির্দেশে আবারও ঋণ আদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য আগামী ৯ সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নিলামে তোলা সম্পত্তির তালিকায় শুধু একটি সম্পত্তিই নয়, রাজপাল যাদবের মুম্বাই ও অন্য কয়েকটি স্থানে থাকা ফ্ল্যাট, তাঁর পৈতৃক গ্রাম কুন্ডরার জমি এবং সেই জমিতে নির্মিত বাড়িও অন্তর্ভুক্ত রয়েছে।

২০১২ সালে মুক্তি পাওয়া ‘আতা পাতা লাপাতা’ ছবি ঘিরে একটি চেক বাউন্স মামলায় বর্তমানে তিহার কারাগারে রয়েছেন রাজপাল যাদব। গত ১০ জুলাই মামলার শুনানিতে দিল্লি হাইকোর্ট অভিনেতাকে তিরস্কার করে তিন মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে জরিমানাও করা হয়। আদালত তাঁর আচরণকে ‘সন্দেহজনক’ বলেও মন্তব্য করেন।

প্রতিবেদন অনুযায়ী, ‘আতা পাতা লাপাতা’ ছবি নির্মাণের জন্য ২০১০ সালে রাজপাল যাদব ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন। তিনি একাধিকবার সেই অর্থ পরিশোধের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত ঋণ শোধ করতে পারেননি। তাঁর বিরুদ্ধে চেক বাউন্সের সাতটি পৃথক মামলায় প্রায় ৯ কোটি রুপি বকেয়া ঋণ রয়েছে।

এই মামলায় ২০২৪ সালে সেশনস কোর্ট রাজপাল যাদবকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন। তবে ওই রায়ের বিরুদ্ধে তিনি দিল্লি হাইকোর্টে আবেদন করেন। পরে উচ্চ আদালত তাঁর সাজা সাময়িকভাবে স্থগিত করেছিলেন।
তবে একই মামলায় ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি রাজপাল যাদবকে তিহার কারাগারে আত্মসমর্পণ করতে হয়। সে সময় তিনি ১২ দিন কারাগারে ছিলেন। বর্তমানে একই মামলায় তিনি আবারও কারাগারে রয়েছেন।

About Editor Todaynews24

Check Also

যাযাবর

যাযাবর

জুলাই গণ–অভ্যুত্থানের উত্থান–পতনময় সময়ে এর সঙ্গে একাত্ম হয়েছিলেন কবিরা। প্রথম আলোতে ২০২৪ সালের ২ আগস্ট প্রকাশিত একটি কবিতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *