সর্বশেষ খবর
Home / সকল আপডেট / রেললাইনে ভিডিও বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবক গুরুতর আহত
রেললাইনে ভিডিও বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবক গুরুতর আহত

রেললাইনে ভিডিও বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবক গুরুতর আহত

চট্টগ্রামের দোহাজারীতে রেললাইনে দাঁড়িয়ে ভিডিও তৈরি করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মোরশেদ আলম (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁর বাঁ পায়ের গোড়ালি ও ডান পায়ের পাতা থেঁতলে গেছে। এ ছাড়া বাঁ হাতের তিন–চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।

আজ বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চন্দনাইশ উপজেলার দোহাজারী রেলস্টেশন–সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মোরশেদ সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের তৈয়ারপাড় এলাকার বাসিন্দা।

দোহাজারী রেলস্টেশনের মাস্টার নেছার উল্লাহ প্রথম আলোকে বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তেলবাহী একটি ট্রেন দোহাজারীর পিডিবি তেলের ডিপোতে আসে। এ সময় মোরশেদ আলম তাঁর স্ত্রী ও এক বছর বয়সী সন্তানকে নিয়ে রেলস্টেশনসংলগ্ন পিডিবির তেল ডিপোর সাইডিং লাইনের ওপর দাঁড়িয়ে ভিডিও তৈরি করছিলেন।

স্টেশনমাস্টার বলেন, ট্রেনটি শান্টিংয়ের মাধ্যমে পেছন থেকে সামনের দিকে ঠেলে নেওয়া হচ্ছিল। ইঞ্জিনটি ট্রেনের পেছনের দিকে থাকায় চালক বারবার হর্ন ও সাইরেন বাজাচ্ছিলেন; কিন্তু মোরশেদ আলম ও তাঁর পরিবারের সদস্যরা ভিডিও ধারণে ব্যস্ত থাকায় সেটি খেয়াল করেননি। একপর্যায়ে ট্রেনটি কাছাকাছি চলে এলেও তিনি রেললাইন থেকে সরে না যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে।

পরে রেলওয়ের তিন কর্মচারী ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রিকশাযোগে দ্রুত দোহাজারী হাসপাতালে নিয়ে যান।

দোহাজারী হাসপাতালের চিকিৎসক মুহাম্মদ রকিবুল হাসান প্রথম আলোকে বলেন,  গুরুতর আহত অবস্থায় মোরশেদ আলমকে হাসপাতালে আনা হয়। তাঁর বাঁ পায়ের গোড়ালি ও ডান পায়ের পাতা থেঁতলে গেছে। এ ছাড়া বাঁ হাতের তিন–চারটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

About Editor Todaynews24

Check Also

রুনা লায়লা ১০ বছর পর অস্ট্রেলিয়ায় গাইবেন

​​​​​​​উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা সংগীতজীবনের ৬২ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে অস্ট্রেলিয়ায় দুটি বিশেষ কনসার্টে অংশ নিতে যাচ্ছেন। প্রায় এক দশক পর দেশটির দর্শকদের সামনে গান গাইবেন তিনি। একই সঙ্গে মেলবোর্নে এটিই হবে তার প্রথম মঞ্চ পরিবেশনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *