সর্বশেষ খবর
Home / সকল আপডেট / রিট খারিজের তথ্য গোপন, আবেদনকারী–আইনজীবীকে জরিমানা কেন নয়
রিট আবেদনকারী রফিকুল ইসলামকে ৫০ লাখ টাকা ও আইনজীবী আনোয়ার হোসেনকে ১০ লাখ টাকা জরিমানা কেন করা হবে না, এ বিষয়ে কারণ দর্শাতে বলেছেন হাইকোর্ট।

রিট খারিজের তথ্য গোপন, আবেদনকারী–আইনজীবীকে জরিমানা কেন নয়

রিট খারিজের তথ্য গোপন করার প্রেক্ষাপটে রিট আবেদনকারী ও তাঁর আইনজীবীর কাছে ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট।

বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন।

রিট আবেদনকারী মো. রফিকুল ইসলামকে ৫০ লাখ টাকা ও আইনজীবী আনোয়ার হোসেনকে ১০ লাখ টাকা জরিমানা কেন করা হবে না, এ বিষয়ে দুজনকে কারণ দর্শাতে বলেছেন হাইকোর্ট। ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান এ তথ্য জানিয়ে বলেছেন, এ বিষয়ে দুজনকে ২৫ আগস্টের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রাষ্ট্রপক্ষের ভাষ্য ও নথিপত্র থেকে জানা যায়, ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি অর্থঋণ আদালতের দেওয়া এক আদেশের বৈধতা নিয়ে আমান ট্রেডিং করপোরেশনের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পার্টনার মো. রফিকুল ইসলাম রিট করেন। একই আদেশের বৈধতা নিয়ে আরেকটি রিট করেন তিনি। প্রথম রিটটি অপর একটি দ্বৈত বেঞ্চে খারিজ হয়।

রাষ্ট্রপক্ষের তথ্যমতে, দ্বিতীয় রিটের পরিপ্রেক্ষিতে হওয়া রুল হাইকোর্টের ওই বেঞ্চে শুনানির জন্য ওঠে। একই বিষয়ে পৃথক রিট ও তথ্য গোপনের বিষয়টি আদালতে তুলে ধরেন প্রাইম ব্যাংকের জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল (অ্যাটর্নি জেনারেল)। গত ২৯ জুলাই শুনানি নিয়ে আদালত আজ আদেশের জন্য দিন রেখেছিলেন। সে অনুযায়ী আজ আদেশ হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী আনোয়ার হোসেন।

রিট আবেদনকারী ও তাঁর আইনজীবী আজ আদালতে উপস্থিত ছিলেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। তিনি প্রথম আলোকে বলেন, অর্থঋণ আদালতের আদেশ চ্যালেঞ্জ করে দ্বিতীয় রিটটি করা হয়। একই আদেশ চ্যালেঞ্জ করে আগেও আবেদনকারী একটি রিট করেন, যা খারিজ হয়। এ তথ্য গোপন করা হয়েছে। দ্বিতীয় রিটে কিংবা এ–সংক্রান্ত আবেদনে তা উল্লেখ করা হয়নি। তথ্য গোপনের বিষয়টি আদালতকে অবহিত করেন প্রাইম ব্যাংকের জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল। গত ২৯ জুলাই আদালত রিট আবেদনকারী ও প্রথম রিটের আইনজীবীকে আজ হাজির হতে বলেন।

আগের রিট খারিজ হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট আইনজীবী জানতেন এবং তা আদালতের সামনে স্বীকার করেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। আদেশের বিষয়ে তিনি বলেন, আদালত রিট আবেদনকারী ও তাঁর আইনজীবীকে শোকজ (কারণ দর্শানো) করেছেন।

About Editor Todaynews24

Check Also

প্রথম ৬ মাসে আইডিএলসির মুনাফা বেড়েছে ২৬ শতাংশ

প্রথম ৬ মাসে আইডিএলসির মুনাফা বেড়েছে ২৬ শতাংশ

আইডিএলসি জানায়, তাদের সহযোগী প্রতিষ্ঠান আইডিএলসি সিকিউরিটিজ, আইডিএলসি ইনভেস্টমেন্টস ও আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টও এ সময়ে ব্যবসায়িক ফলাফলে ইতিবাচক অবদান রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *