যুক্তরাজ্য সরকারের স্টাডি ভিসা স্থগিতের কারণে ক্ষতিগ্রস্ত চার দেশের শিক্ষার্থীদের জন্য বিকল্প প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই শিক্ষার্থীদের জন্য অনলাইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ তৈরি করেছে যুক্তরাজ্যের ৯টি বিশ্ববিদ্যালয়। এ উদ্যোগ বাস্তবায়ন করছে শিক্ষাবিষয়ক বেসরকারি সংস্থা মোজাইক এডুকেশন।
মোজাইক স্কলারশিপ—
নতুন চালু হওয়া ‘মোজাইক স্কলারশিপ’ কর্মসূচির আওতায় আফগানিস্তান, মিয়ানমার, সুদান ও ক্যামেরুনের শিক্ষার্থীরা এই সুবিধা পাবেন। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে দূরশিক্ষণ বা ট্রান্সন্যাশনাল এডুকেশনের (টিএনই) মাধ্যমে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
গত মার্চে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) এসব দেশের শিক্ষার্থীদের নতুন স্টাডি ভিসা আবেদন গ্রহণ সাময়িকভাবে স্থগিত করে। সরকারের ভাষ্য ছিল, এসব দেশের উল্লেখযোগ্যসংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী যুক্তরাজ্যে গিয়ে আশ্রয় (অ্যাসাইলাম) আবেদন করছেন। এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীরা ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন বৃত্তি, এমনকি মর্যাদাপূর্ণ শেভনিং স্কলারশিপ থেকেও বঞ্চিত হন। আগে প্রতিবছর এ চার দেশ থেকে প্রায় ৫০ জন শিক্ষার্থী চিভনিংয়ের মাধ্যমে যুক্তরাজ্যে স্নাতকোত্তর পড়ার সুযোগ পেতেন।
যেসব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ—
দ্য পাই নিউজের তথ্য অনুযায়ী, এ উদ্যোগে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো কিংস কলেজ লন্ডন, ইউনিভার্সিটি অব লন্ডন, ইউনিভার্সিটি অব লেস্টার, ইউনিভার্সিটি অব নর্থ্যাম্পটন, ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজ, কার্ডিফ ইউনিভার্সিটি, বার্কবেক ইউনিভার্সিটি অব লন্ডন, ইউনিভার্সিটি অব স্যালফোর্ড এবং অ্যাবেরিস্টউইথ ইউনিভার্সিটি। এ কর্মসূচিতে সহযোগিতা করছে হায়ার এড পার্টনার্স ইউকে।
সব কোর্সই অনলাইন বা ট্রান্সন্যাশনাল এডুকেশন (টিএনই) পদ্ধতিতে পরিচালিত হবে। বর্তমানে ভিসা স্থগিতের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর নতুন শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের ডিগ্রি অর্জনের এটিই একমাত্র কার্যকর পথ।
এ পর্যন্ত ১৯টি পূর্ণ অর্থায়নপ্রাপ্ত আসন নিশ্চিত হয়েছে। চলতি বছরের মধ্যে আরও বিশ্ববিদ্যালয় যুক্ত হলে প্রায় ৫০ জন শিক্ষার্থীকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে।