ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান একটি নতুন সম্ভাবনা সৃষ্টি করেছিল এবং সে সময় ইসলামের ভিত্তিতে একটি সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু পরে ক্ষমতার রাজনীতির কারণে সেই সম্ভাবনা নষ্ট হয়েছে বলে তাঁর দাবি। তিনি বলেন, এতে শুধু ইসলামের সম্ভাবনাই ক্ষতিগ্রস্ত হয়নি, জুলাইয়ের প্রত্যাশাও ব্যাহত হয়েছে।
বুধবার জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের আয়োজিত সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইসলামী আন্দোলনের আমির বলেন, আন্দোলন-সংগ্রামে বহু মানুষের আত্মত্যাগ, আহত হওয়া এবং পরিবারগুলোর ক্ষয়ক্ষতি জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তবে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ ত্যাগ স্বীকার করা হয়েছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি বলে তিনি মন্তব্য করেন।
মানবসৃষ্ট ব্যবস্থার মাধ্যমে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ সম্ভব নয় উল্লেখ করে রেজাউল করীম বলেন, বৈষম্য দূর করা, নারীর নিরাপত্তা ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে ইসলামভিত্তিক ব্যবস্থাই কার্যকর সমাধান।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, গুমের তদন্তের দায়িত্ব পুলিশকে দেওয়া জুলাইয়ের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। অতীতে গুমের ঘটনায় পুলিশ সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ ছিল। তিনি আরও বলেন, অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করবে; কিন্তু বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। তিনি বলেন, ঢাকা বিশ্বের অন্যতম বসবাস-অযোগ্য নগরীতে পরিণত হয়েছে এবং নগরবাসী প্রয়োজনীয় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আগামী সিটি করপোরেশন নির্বাচনে তাঁদের দলের প্রার্থী বিজয়ী হলে রাজধানীকে পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদসহ আরও অনেকে।