সর্বশেষ খবর
Home / সকল আপডেট / সেপ্টেম্বরেই ফারহানকে জাতীয় দলে চায় বাফুফে
সেপ্টেম্বরেই ফারহানকে জাতীয় দলে চায় বাফুফে

সেপ্টেম্বরেই ফারহানকে জাতীয় দলে চায় বাফুফে

ইংলিশ ক্লাব ফুলহামের হয়ে প্রিমিয়ার লিগে অভিষেকের দুয়ারে দাঁড়িয়ে ১৯ বছর বয়সী তরুণ ফারহান আলী ওয়াহিদ। ইংল্যান্ডে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারকে এবার দেখা যেতে পারে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতেই তাঁর আন্তর্জাতিক অভিষেক হতে পারে। নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপেও তাঁর খেলা বলতে গেলে নিশ্চিতই।

গত পরশু প্রাক্‌ মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে ফুলহামের মূল দলের হয়ে মাঠে নেমে চমক দেখিয়েছেন ফারহান। স্প্যানিশ কোচ আলভারো আরবেলোয়ার অধীনে ম্যাচের ৪৬ মিনিটে বদলি হিসেবে নেমে বাঁ প্রান্তের উইং দিয়ে তাঁর দুর্দান্ত এক ড্রিবলিং ও বাঁকানো শট প্রতিপক্ষ গোলকিপারকে বড় পরীক্ষায় ফেলে দেয়।

ম্যাচটি ফুলহাম ২-০ গোলে হারলেও ফারহান নিজের উপস্থিতি জানান দিয়ে আলোচনায় এসেছেন। ফুলহামের মূল দলের জার্সিতে প্রিমিয়ার লিগে নাম লেখাতে পারলে হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বিশ্বের অন্যতম সেরা এই লিগে খেলার ইতিহাস গড়বেন ফারহান। স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে বাংলাদেশের ফুটবলে।

ফারহানের জন্ম ২০০৬ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ডে। তাঁর সিলেটি বাবা–মায়ের জন্মও সেখানে। দাদা–নানার সূত্রে তাঁকে বাংলাদেশের জার্সিতে খেলানোর জোর চেষ্টা চালাচ্ছে বাফুফে। ফারহানের বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার অন্যতম শর্ত জন্মনিবন্ধন সনদও হয়ে গেছে।

প্রিমিয়ার লিগ-২ মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে ফারহান

এখন ফারহান সময় দিলেই ইংল্যান্ডে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের বায়োমেট্রিকের জন্য সময় চাইবে বাফুফে। বায়োমেট্রিক দেওয়া হলে দ্রুত বাংলাদেশি পাসপোর্টও হয়ে যাওয়ার কথা। এরপর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন থেকে অনাপত্তিপত্র পেলেই সেপ্টেম্বর উইন্ডোতে তাঁর লাল-সবুজ জার্সিতে মাঠে নামার পথ পরিষ্কার হয়ে যাবে।

ফারহানকে নিয়ে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম গতকাল প্রথম আলোকে বলেন, ‘ফারহানকে সেপ্টেম্বর উইন্ডোতে পেতে যা করণীয় সবই করা হচ্ছে। সব ঠিকঠাকমতোই এগোচ্ছে। আমরা আশা করছি সেপ্টেম্বর উইন্ডোতেই ফারহানকে পাব। আর নভেম্বরে সাফে তাঁকে পাওয়া নিয়ে আমাদের কোনো সংশয় নেই।’

চেলসির একাডেমিতে ফুটবলের প্রাথমিক পাঠ নিলেও ২০১৯ সালে অনূর্ধ্ব-১২ পর্যায়ে ফারহান যোগ দেন ফুলহামে। ২০২৪ সালের জানুয়ারিতে অনূর্ধ্ব-২১ দলে অভিষেক হয়। ২০২৫ সালে ফুলহামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি। ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগ টু-তে নভেম্বরে জেতেন মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার, মৌসুম শেষে জায়গা পান বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায়।

এরই মধ্যে বাংলাদেশ জাতীয় দলের কোচ টসাস ডুলি ফারহানের পাশাপাশি ইংল্যান্ডে বেড়ে ওঠা আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জায়ান হাকিমকে নিয়ে এগোতে বাফুফেকে সবুজসংকেত দিয়েছেন। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার ২৭ বছর বয়সী ফরোয়ার্ড জায়ান ২০২৫ থেকে খেলেছেন ইংল্যান্ডের বারওয়েল ফুটবল ক্লাবে। ইংল্যান্ডের লেস্টারশায়ারের ক্লাব বারওয়েল বর্তমানে নর্দার্ন প্রিমিয়ার লিগ ডিভিশন ওয়ানে খেলছে।

ফুলহামের জার্সিতে ফারহান, নরউইচের বিপক্ষে প্রাক্‌–মৌসুম প্রস্তুতি ম্যাচে।

জায়ান ২০২৩ সালে অ্যান্টিগুয়া ও বারবুডা জাতীয় দলের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তাঁকেও সাফ চ্যাম্পিয়নশিপে পাওয়ার আশা করছে বাফুফে। ২৩ বছরের খরা কাটিয়ে এবার সাফ জিততে মরিয়া বাফুফে আরও চার–পাঁচজন বংশোদ্ভূত ফুটবলার নিয়ে কাজ করছে।

সেপ্টেম্বর উইন্ডোতে তাঁদের তিন-চারজনকে দেখা যেতে পারে। অবস্থা যা, তাতে বাংলাদেশ জাতীয় দল হয়ে উঠছে আরও বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসীময়। সংখ্যাটা এরই মধ্যে আটে পৌঁছেছে—জামাল ভূঁইয়া, তারিক কাজী, কাজেম শাহ, হামজা চৌধুরী, শমিত সোম, ফাহামিদুল ইসলাম, জায়ান আহমেদ, কিউবা মিচেল।

এদিকে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফা উইন্ডোতে দেশের মাটিতে চারজাতি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা বাফুফের। এই ফাঁকে কিরগিজস্তান বাংলাদেশকে তাঁদের দেশে গিয়ে খেলার আমন্ত্রণ জানিয়েছে। তবে বাফুফে চায় কিরগিজস্তানই চারজাতি টুর্নামেন্ট খেলতে ঢাকায় আসুক। শেষ পর্যন্ত চারজাতি টুর্নামেন্টটা হলে তরুণ ফারহান আলী ওয়াহিদের বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে ঘরের দর্শকদের সামনেই।

About Editor Todaynews24

Check Also

‘সেখানেই নবী জাকারিয়া আল্লাহকে ডাকলেন’

‘সেখানেই নবী জাকারিয়া আল্লাহকে ডাকলেন’

নবী জাকারিয়া (আ.) ছিলেন মারইয়ামের অভিভাবক। তিনি যখনই মারইয়ামের নির্জন ইবাদতকক্ষে (মিহরাব) প্রবেশ করতেন, তখনই সেখানে অসময়ের রিজিক দেখতে পেতেন।একদিন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, “হে মারইয়াম, এসব তুমি কোথা থেকে পেলে?” মারইয়াম জবাব দিলেন, “এসব আল্লাহর পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন।” (সুরা আলে ইমরান, আয়াত: ৩৭)কোরআনের আয়াতে শুধু ‘রিজিক’ শব্দ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *