সর্বশেষ খবর
Home / সকল আপডেট / জিমেইলের পাসওয়ার্ড ভুলে যাওয়া ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা আনল গুগল
জিমেইলের পাসওয়ার্ড ভুলে যাওয়া ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা আনল গুগল

জিমেইলের পাসওয়ার্ড ভুলে যাওয়া ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা আনল গুগল

জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেলে অ্যাকাউন্টে আবার প্রবেশ করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রয়োজনীয় ফোন নম্বর বা দুই স্তরের নিরাপত্তাসুবিধা ব্যবস্থায় প্রবেশাধিকার না থাকলে এই ভোগান্তি আরও বেড়ে যায়। এ সমস্যা সমাধানে ‘সেলফি ভিডিও’ নামে নতুন একটি অ্যাকাউন্ট রিকভারি সুবিধা উন্মুক্ত করেছে গুগল। সুবিধাটির মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের চেহারার সংক্ষিপ্ত ভিডিও ধারণ করে ভুলে যাওয়া জিমেইল অ্যাকাউন্টে আবার প্রবেশ করতে পারবেন।

গুগল জানিয়েছে, প্রচলিত সাইনইন পদ্ধতি ব্যবহার করা সম্ভব না হলে অ্যাকাউন্ট রিকভারি সহজ করতে ‘সেলফি ভিডিও’ নামে নতুন নিরাপত্তাসুবিধা চালু করা হয়েছে। সুবিধাটি গুগল অ্যাকাউন্টের জন্য ঐচ্ছিক রিকভারি পদ্ধতি হওয়ায় আগে থেকেই চালু রাখতে হবে।

সুবিধাটি চালুর জন্য প্রথমে গুগল অ্যাকাউন্টে প্রবেশ করে একটি রেফারেন্স ভিডিও ধারণ করতে হবে। এ সময় স্মার্টফোন বা কম্পিউটারের ক্যামেরার সামনে তাকিয়ে মাথা ঘোরানো বা সামান্য নড়াচড়ার মতো কয়েকটি সহজ কাজের ভিডিও ধারণ করতে হবে। ধারণ করা ভিডিও পরিচয় যাচাইয়ের জন্য সংরক্ষণ করবে গুগল। পরবর্তী সময়ে পাসওয়ার্ড ভুলে গেলে বা অন্য কোনো কারণে অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব না হলে ব্যবহারকারীকে আবার একটি নতুন সেলফি ভিডিও ধারণ করতে বলা হবে। এরপর নতুন ভিডিওটির সঙ্গে আগে সংরক্ষিত ভিডিও মিলিয়ে পরিচয় যাচাই করা হবে।

নতুন এ ব্যবস্থায় ডিপফেক প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে একাধিক নিরাপত্তা স্তর যুক্ত করেছে গুগল। শুধু রেফারেন্স ভিডিওর সঙ্গে মিলিয়ে দেখাই নয়, ক্যামেরার সামনে আসলেই কোনো ব্যক্তি আছেন কি না, তা পরীক্ষা করবে প্রযুক্তিটি। পরিচয় যাচাইয়ের সময় ব্যবহৃত স্মার্টফোন বা কম্পিউটার, ব্রাউজারের তথ্য, আইপি ঠিকানা, অবস্থান এবং সাইন-ইনের চেষ্টা অস্বাভাবিক কি না, সেসব তথ্যও বিশ্লেষণ করবে।

চেহারার ভিডিও বায়োমেট্রিক তথ্যের অন্তর্ভুক্ত হওয়ায় এর নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীর অনুমতি নিয়েই রেফারেন্স ভিডিও ধারণ ও সংরক্ষণ করা হবে। ভিডিওটি এনক্রিপশনের মাধ্যমে নিরাপদভাবে সংরক্ষণ করা হবে এবং ব্যবহারকারী চাইলে যেকোনো সময় গুগল অ্যাকাউন্টের সেটিংস থেকে সেটি মুছে ফেলতে পারবেন।

ভিডিওটি শুধু সাইনইন ও অ্যাকাউন্ট রিকভারির কাজে ব্যবহার করা যাবে। আর তাই জিমেইল পাসওয়ার্ড উদ্ধারের জন্য বিকল্প রিকভারি পদ্ধতিগুলোও চালু রাখার পরামর্শ দিয়েছে গুগল। সেলফি ভিডিওভিত্তিক অ্যাকাউন্ট রিকভারির সুবিধাটি ধাপে ধাপে বিশ্বের বিভিন্ন দেশের গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

About Editor Todaynews24

Check Also

অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মেসি!

লিওনেল মেসি তার ভবিষ্যৎ পরিকল্পনা না জানালেও আর্জেন্টিনার জার্সিতে তিনি যে শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন, তা প্রায় নিশ্চিত। ৩৯ বছর বয়সী মেসি বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে নিজের ক্যারিশমা দেখিয়ে যাচ্ছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *