সর্বশেষ খবর
Home / সকল আপডেট / বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে সবচেয়ে বেশি আয় ম্যান সিটির
বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে সবচেয়ে বেশি আয় ম্যান সিটির

বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে সবচেয়ে বেশি আয় ম্যান সিটির

বিশ্বকাপের ক্লাব বেনিফিটস প্রোগ্রামের (সিবিপি) অধীন ফিফার কাছ থেকে আবারও সবচেয়ে বেশি আর্থিক অনুদান পেতে যাচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। যুক্তরাষ্ট্রের ‘দ্য অ্যাথলেটিক’-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এ নিয়ে টানা তিন আসরে ফিফার এই তহবিল থেকে সবচেয়ে বেশি টাকা আয় করতে যাচ্ছে সিটি।

এবার ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের জন্য  খেলোয়াড় পাঠানো ক্লাবগুলোর জন্য রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ২০১৮ রাশিয়া এবং ২০২২ কাতার বিশ্বকাপে বরাদ্দ ছিল ২০ কোটি ৯০ লাখ ডলার। এবার সিবিপি তহবিলের পরিমাণ ৭০ শতাংশ বাড়িয়ে ৩৫ কোটি ৫০ লাখ ডলার করা হয়েছে।

বরাদ্দকৃত এই ৩৫ কোটি ৫০ লাখ ডলারের মধ্যে ২৫ কোটি ডলার বণ্টন করা হবে মূল পর্বে অংশ নেওয়া ৪৮টি দেশের খেলোয়াড়দের ক্লাবগুলোর মধ্যে। এবারই প্রথম বাছাইপর্বের জন্যও আলাদা ১০ কোটি ডলার রেখেছে ফিফা। বাকি ৫০ লাখ ডলার রাখা হয়েছে প্রশাসনিক ব্যয় ও ফুটবলের সার্বিক উন্নয়নের তহবিলে।

মে মাসের ২৫ তারিখ থেকে জাতীয় দলগুলোর বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পরবর্তী দিন পর্যন্ত প্রত্যেক খেলোয়াড়ের জন্য ক্লাবগুলো প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার ডলার করে পাবে। দ্য অ্যাথলেটিকের হিসাব অনুযায়ী, মূল পর্বের আয় থেকেই ম্যানচেস্টার সিটি আনুমানিক ৪৪ লাখ ডলার পাচ্ছে।

ফাইনালে গোলের পর স্পেনের ফেরান তোরেসের বার্সেলোনাও পাবে বড় অংকের অর্থ

ম্যানচেস্টার সিটির ছয়জন ফুটবলার টুর্নামেন্টের শেষ সপ্তাহ পর্যন্ত মাঠে ছিলেন। মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স ও ইংল্যান্ডের হয়ে খেলেন রায়ান শেরকি, মার্ক  গেহি, নিকো ও’রাইলি, জন স্টোনস ও জেমস ট্রাফোর্ড। আর রোববারের ফাইনালে স্পেনের ১-০ গোলে জয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন রদ্রি।

আয়ের তালিকায় সিটির পরেই রয়েছে স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা, চার বছর আগেও তারা দ্বিতীয় স্থানে ছিল। ইংলিশ ক্লাবগুলোর মধ্যে আয়ের দিক থেকে সিটির নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলার কারণে আর্সেনালের ফুটবলাররা কিছুটা দেরিতে জাতীয় দলে যোগ দেন, যা তাঁদের আয়ে কিছুটা প্রভাব ফেলেছে। তা সত্ত্বেও ক্লাবটি বড় অঙ্কের অর্থ পাচ্ছে।

তালিকায় চমক দেখিয়েছে ক্রিস্টাল প্যালেস ও সান্ডারল্যান্ড। ১২ জন খেলোয়াড় বিশ্বকাপে পাঠানো ক্রিস্টাল প্যালেস পাচ্ছে ২৭ লাখ ডলার, সান্ডারল্যান্ড পাবে ২২ লাখ ডলার।

বিশ্বকাপের সর্বমোট ১ হাজার ২৪৮ জন ফুটবলারের মধ্যে প্রিমিয়ার লিগের খেলোয়াড় ছিলেন সর্বোচ্চ ১৩ শতাংশ। ফলে আয়ও সবচেয়ে বেশি প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর। ক্লাব বেনিফিটস প্রোগ্রামের (সিবিপি) অধীন ফিফার কাছ থেকে ইংলিশ ক্লাবগুলো পাচ্ছে মোট ৩ কোটি ৪২ লাখ ডলার। দ্বিতীয় স্থানে থাকা জার্মানির বুন্দেসলিগার ক্লাবগুলো পাবে ১ কোটি ৮৮ লাখ ডলার।

তবে কোটি কোটি ডলারের বার্ষিক বেতন দেওয়া ধনী ক্লাবগুলোর কাছে ফিফার এই অর্থ তুলনামূলকভাবে অনেকটাই কম। ২০২৪-২৫ মৌসুমে ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের মোট বেতনই ছিল প্রায় ৬০ কোটি ৮০ লাখ ডলার, সেই তুলনায় ৪৪ লাখ ডলার বেশ সামান্য।

About Editor Todaynews24

Check Also

গাজী নজরুলের কাবিননামা ঘিরে নতুন বিতর্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্টি হওয়া বিতর্ক নতুন রূপ নিয়েছে। ঘটনার ধারাবাহিকতায় এবার বিয়ে নিবন্ধনকারী (কাজী) বাকীবিল্লাহর একটি ফোনালাপের অডিও ক্লিপ জনসমক্ষে আসায় কাবিননামা ও বিয়ের তারিখ নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। মঙ্গলবার (২১ জুলাই) ছড়িয়ে পড়া ওই অডিও…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *