সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্টি হওয়া বিতর্ক নতুন রূপ নিয়েছে। ঘটনার ধারাবাহিকতায় এবার বিয়ে নিবন্ধনকারী (কাজী) বাকীবিল্লাহর একটি ফোনালাপের অডিও ক্লিপ জনসমক্ষে আসায় কাবিননামা ও বিয়ের তারিখ নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন।
মঙ্গলবার (২১ জুলাই) ছড়িয়ে পড়া ওই অডিও ক্লিপে কাজী বাকীবিল্লাহকে বলতে শোনা যায়, কনের বাবা মো. মাসুম বিল্লাহ ফোনে বিয়ের প্রয়োজনীয় সম্মতি দিয়েছিলেন। পরবর্তীতে মঙ্গলবার (২১ জুলাই) সকালে কনে মরিয়ম খাতুন ও তার অভিভাবক এসে কাবিননামায় স্বাক্ষর করেন। অর্থাৎ, নথি অনুযায়ী বিয়ের তারিখ ১৭ জুলাই উল্লেখ করা হলেও মূল স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে ২১ জুলাই। কনের নাম ও বয়সের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, মুঠোফোনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাবিননামা তৈরি করা হয় এবং কনের বয়স ছিল ১৮ বছর ৩ মাস।