সকালে ধোঁয়া ওঠা এক কাপ গরম চা বা কফি ছাড়া অনেকেরই দিন শুরু হয় না। তাই দ্রুত পানি গরম করার জন্য প্লাস্টিকের ইলেকট্রিক কেটলি নিয়মিত ব্যবহার করেন অনেকে। তবে সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা সকালের এই অভ্যাসের বিষয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের বিজ্ঞানীদের পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, প্লাস্টিকের কেটলিতে পানি ফোটানোর সময় বিপুল পরিমাণে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক পানির সঙ্গে মিশে যায়।
গবেষকদের দাবি, একটি সম্পূর্ণ নতুন প্লাস্টিকের কেটলি প্রথমবার ব্যবহার করার সময় প্রতি মিলিলিটার পানিতে প্রায় ১ কোটি ২০ লাখ ন্যানোপ্লাস্টিক কণা নির্গত হয়। সেই হিসাবে, সাধারণ ২৫০ মিলিলিটারের এক কাপ চায়ের পানিতে প্রায় ৩০০ কোটি প্লাস্টিকের কণা মিশে যেতে পারে! গবেষণার প্রধান লেখক এলভিস ওকোফো বলেন, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের প্রতিদিনের রুটিন হলো প্লাস্টিকের কেটলিতে পানি ফোটানো। আমাদের গবেষণায় দেখা গেছে, অত্যন্ত সাধারণ এই অভ্যাসের কারণে প্রতিদিন আমাদের শরীরে ঢুকে যাচ্ছে সূক্ষ্ম প্লাস্টিকের কণা। এই গবেষণা প্রমাণ করে, ঘরের প্লাস্টিক কেটলিগুলো মানুষের শরীরে মাইক্রোপ্লাস্টিক ছড়ানোর অন্যতম প্রধান উৎস।
বিভিন্ন গবেষণায় ফুটন্ত পানিতে টি-ব্যাগ ডোবানোর ফলে মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করা হলেও প্লাস্টিকের ইলেকট্রিক কেটলি থেকে ঠিক কী পরিমাণ প্লাস্টিক ছড়ায়, তা এত দিন স্পষ্ট ছিল না। বিষয়টি নিশ্চিত হতে গবেষকেরা একটি প্লাস্টিকের কেটলিতে টানা ১৫০ বার পানি ফুটিয়ে পরীক্ষা করেন। দেখা গেছে, নতুন অবস্থায় কেটলি থেকে সবচেয়ে বেশি মাত্রায় প্লাস্টিক কণা নির্গত হয়। তবে কেটলিটি পুরোনো হওয়ার পরও এই ধারা পুরোপুরি বন্ধ হয় না। টানা ১৫০ বার পানি ফোটানোর পরও প্রতি মিলিলিটারে ৮ লাখ ২০ হাজার ন্যানোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। কেটলি পুরোনো হওয়ার পরেও প্রতি কাপ চায়ে প্রায় ২০ কোটি ৫০ লাখ প্লাস্টিক কণা রয়েই যায়। তবে পানিতে খনিজ উপাদান বেশি থাকলে প্লাস্টিক কণা কম ছড়ায়। বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, পানিতে থাকা খনিজ উপাদানগুলো কেটলির ভেতরের দেয়ালে একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে। ফলে পানি ফোটানোর সময় প্লাস্টিক কণা নির্গত হওয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যায়।