দেশের ছোট-বড় মিলিয়ে আট লাখের বেশি মার্চেন্টে বাংলা কিউআর প্রতিস্থাপন করেছে বিকাশ। বাড়তি লোকবল ও বিনিয়োগ করে বাংলাদেশ ব্যাংকের নির্ধারণ করে দেওয়া সময়ের মধ্যেই সবচেয়ে বেশিসংখ্যক বাংলা কিউআর প্রতিস্থাপন করেছে প্রতিষ্ঠানটি।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিকাশ। বিকাশ বলছে, মার্চেন্ট পেমেন্ট সম্প্রসারণের এ উদ্যোগে প্রতিদিন গড়ে ২০০ কোটি টাকার বেশি পেমেন্ট হচ্ছে বিকাশ প্রতিস্থাপিত বাংলা কিউআর দিয়ে।
বিকাশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছোট মুদিদোকান থেকে শুরু করে লাইফস্টাইল পণ্য, ওষুধসামগ্রী, হোটেল–রেস্তোরাঁসহ বড় সব সুপারশপ ও লাইফস্টাইল চেইনশপে এখন বিকাশ প্রতিস্থাপিত বাংলা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারছেন গ্রাহকেরা। সবচেয়ে বেশি মার্চেন্ট পয়েন্টে কিউআর কোড বসানো এবং তার রক্ষণাবেক্ষণে বিকাশের সক্ষমতা ও বিনিয়োগ, দেশে ডিজিটাল পেমেন্টের ইকোসিস্টেম শক্তিশালী করতে ভূমিকা রাখছে বিকাশ।
বিকাশ আরও বলছে, শুধু বাংলা কিউআর প্রতিস্থাপন নয়; ডিজিটাল পেমেন্টে গ্রাহকদের অভ্যস্ত করে তুলতে সারা দেশের ৪৫ হাজার মার্চেন্ট পয়েন্টে বিশেষ অফার চালু করেছে বিকাশ। এই অফারের আওতায় একজন গ্রাহক বিকাশ অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করার মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট কুপন অর্জন করতে পারছেন।
বিকাশ আরও বলছে, পরীক্ষামূলকভাবে ব্র্যাক ব্যাংকের সঙ্গে যৌথভাবে মার্চেন্টদের জন্য স্বল্পমেয়াদি, তাৎক্ষণিক ঋণ সুবিধা চালু করেছে বিকাশ। এই সেবার আওতায় মার্চেন্ট অ্যাকাউন্টে লেনদেনের ভিত্তিতে নির্ধারিত রেটিং অনুসারে মার্চেন্টরা তাৎক্ষণিক ডিজিটাল ঋণ সুবিধা নিতে পারবেন।