মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালার উদ্যোগে গত ৩০ জুলাই বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিখনমুখী সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও আত্মবিশ্বাস বাড়াতে বিদ্যালয় প্রাঙ্গণে এই চমৎকার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ৩য় থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘ছেলে বনাম মেয়ে’ সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। প্রতিযোগিতায় উভয় পক্ষের শিক্ষার্থীরাই তাদের অসামান্য দক্ষতা ও মেধার পরিচয় দেয়। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও হাড্ডাহাড্ডি লড়াই শেষে নিজেদের গভীর মেধা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে শেষ পর্যন্ত বিজয় ছিনিয়ে নেয় ছাত্রীরা।
প্রতিযোগিতা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, ‘ এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মুখস্থ বিদ্যার মধ্যে সীমাবদ্ধ রাখে না, বরং তাদের মেধা চর্চা, চিন্তাশক্তি, আত্মবিশ্বাস এবং নান্দনিক মননশীলতা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ আলোচনা সভা ও প্রতিযোগিতা শেষে বিজয়ী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো স্কুল প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। স্থানীয় সর্বমহলে মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালার এই চমৎকার উদ্যোগ ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।