সর্বশেষ খবর
Home / সকল আপডেট / মালিক খুনের তদন্তে ভেড়া! দর্শকদের আগ্রহ, শীর্ষে যে ৫ সিনেমা
মালিক খুনের তদন্তে ভেড়া! দর্শকদের আগ্রহ, শীর্ষে যে ৫ সিনেমা

মালিক খুনের তদন্তে ভেড়া! দর্শকদের আগ্রহ, শীর্ষে যে ৫ সিনেমা

‘দ্য অডিসি’ সিনেমার পোস্টার

পছন্দের সিনেমা–সম্পর্কিত তথ্য জানতে দর্শকরা সবার আগে আইএমডিবিতে যায়। এটি অনলাইনভিত্তিক একটি ইন্টারনেট মুভি ডেটাবেজ। মুহূর্তেই যেকোনো সিনেমা সম্পর্কে ধারণা পাওয়া যায় এখানে। কোন সিনেমা, সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ বেশি, সেই ডেটাবেজের ওপর ভিত্তি করে তৈরি হয় ফ্যান ফেবারিট বা দর্শকদের পছন্দের সিনেমার তালিকা। জনপ্রিয় এই চলচ্চিত্রভিত্তিক ওয়েবসাইটে ‘ফ্যান ফেবারিট’–এর তালিকায় এ সপ্তাহের শীর্ষে রয়েছে পাঁচটি সিনেমা। সেই সিনেমাগুলো সম্পর্কে জেনে নিন।

১. ‘দ্য অডিসি’
মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী দর্শকদের মাঝে আলোচনায় রয়েছে ক্রিস্টোফার নোলানের সিনেমা ‘দ্য অডিসি’। এর আইএমডিবি রেটিং ৮.৫। কী আছে গল্পে? হোমারের বিখ্যাত মহাকাব্য অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে ট্রয় যুদ্ধ শেষে রাজা অডিসিউসের দীর্ঘ ও বিপদসংকুল ঘরে ফেরার অভিযানের গল্প তুলে ধরা হয়েছে। সমুদ্রযাত্রা, পৌরাণিক প্রাণী এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি। আইএমডিবির তথ্যে, ২৬ জুলাই পর্যন্ত সিনেমাটির আয় ছিল ৩৩০ মিলিয়ন ডলার।

২. ‘অবসেশন’
এ বছর আলোচনায় এসেছেন এক ইউটিউবার, যিনি স্বল্প বাজেটে নির্মাণ করেছেন সিনেমা ‘অবসেশন’। পরে সেই সিনেমা বড় প্রযোজনা প্রতিষ্ঠান ফোকাস ফিচার কিনে নেয়। সিনেমাটি ১৫ মে মুক্তির পর থেকেই আলোচনায়। রেটিং ৭.৯। একটি রহস্যময় সম্পর্কে জড়িয়ে পড়া এক তরুণের জীবনকে ঘিরে এগোয় গল্প। ভালোবাসা, আসক্তি ও মানসিক টানাপোড়েনের মধ্য দিয়ে সত্য ও প্রতারণার জট খুলতে থাকে। সাড়ে ৭ লাখ ডলার বাজেটের সিনেমাটির বর্তমানে আয় ৪৫ কোটি ডলার।

‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমার পোস্টার

৩. ‘প্রজেক্ট হেইল মেরি’
এ বছর মার্চে মুক্তি পাওয়া সিনেমা ‘প্রজেক্ট হেইল মেরি’ নিয়ে এখনো দর্শকদের আগ্রহ রয়েছে। বৈজ্ঞানিক কল্পকাহিনির এই সিনেমার রেটিং ৮.২। এটি দর্শকদের পছন্দের তালিকায় তিন নম্বরে রয়েছে। গল্পে কী আছে? একজন বিজ্ঞানী মহাকাশযানে একা জেগে উঠে জানতে পারেন, মানবজাতিকে বিলুপ্তির হাত থেকে বাঁচানোর দায়িত্ব এখন তার কাঁধে। অজানা এক গ্রহে গিয়ে তিনি অসম্ভব এক মিশনে নামেন।

‘দ্য শিপ ডিটেকটিভস’ সিনেমার পোস্টার

৪. দ্য শিপ ডিটেকটিভস
অ্যানিমেশন সিনেমা ‘দ্য শিপ ডিটেকটিভস’ মে মাসে মুক্তি পায়। ব্যবসায়িকভাবে সিনেমাটি সফল। এর রেটিং ৭.৪। ‘দ্য শিপ ডিটেকটিভস’ ছবির গল্প আবর্তিত হয়েছে এক রাখাল ও তার ভেড়ার পালকে ঘিরে। প্রতি রাতে রাখালটি ভেড়াগুলোর সামনে বসে খুনের রহস্যভিত্তিক গল্প পড়ে শোনায়, যেন তারা সবকিছু বুঝতে পারে। একদিন হঠাৎ সেই রাখালকে মৃত অবস্থায় পাওয়া যায়। তখন ভেড়াগুলো বিশ্বাস করে, এটি একটি হত্যাকাণ্ড এবং গল্প থেকে শেখা গোয়েন্দাগিরির কৌশল কাজে লাগিয়ে নিজেরাই হত্যার রহস্য উদ্ঘাটনের অভিযানে নামে। রহস্য, হাস্যরস ও কল্পনার মিশেলে এগিয়ে চলে ছবির কাহিনি।

‘ইন্টারস্টেলার’ সিনেমার পোস্টার

৫. ইন্টারস্টেলার
এই তালিকায় ১২ বছর আগের সিনেমা ‘ইন্টারস্টেলার’ রয়েছে। ক্রিস্টোফার নোলানের দ্য অডিসি আলোচনায় আসার পরে নতুন করে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছে। সিনেমাটির রেটিং: ৮.৭। গল্পে কী আছে? পৃথিবী যখন বসবাসের অনুপযোগী হয়ে ওঠে, তখন মানবজাতির নতুন আবাস খুঁজতে মহাকাশ অভিযানে বের হন একদল নভোচারী। সময়, মহাকর্ষ, ভালোবাসা এবং আত্মত্যাগের অসাধারণ মিশেলে নির্মিত ক্রিস্টোফার নোলানের এই চলচ্চিত্র আধুনিক বিজ্ঞান কল্পকাহিনির অন্যতম সেরা উদাহরণ।

About Editor Todaynews24

Check Also

বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি বারেসি আর নেই

বিশ্বকাপজয়ী ইতালিয়ান কিংবদন্তি বারেসি আর নেই

ইতালির কিংবদন্তি ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি আর নেই। তাঁর সাবেক ক্লাব এসি মিলান খবরটি নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *