বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’ নিয়ে পাঠচক্রের আসর করেছে সিরাজগঞ্জ বন্ধুসভা। ২৬ জুলাই বিকেলে সিরাজগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে বন্ধুরা উপন্যাসটির কাহিনি, চরিত্র, জেলেজীবনের সংগ্রাম, দারিদ্র্য, মানবিক মূল্যবোধ ও সমাজবাস্তবতা নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। বিশেষ করে কুবের, কপিলা ও হোসেন মিয়ার চরিত্রের মাধ্যমে মানুষের আশা-নিরাশা, টানাপোড়েন এবং বেঁচে থাকার সংগ্রাম যেভাবে ফুটে উঠেছে, তা নিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত তুলে ধরেন।
উপদেষ্টা প্রদীপ সাহা বলেন, ‘পাঠচক্র শুধু বই পড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের চিন্তাশক্তি, বিশ্লেষণক্ষমতা ও সাহিত্যবোধকে সমৃদ্ধ করে। “পদ্মা নদীর মাঝি” আজও সমান প্রাসঙ্গিক একটি উপন্যাস।’
সাধারণ সম্পাদক হাসান বলেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাস আমাদের সমাজবাস্তবতা ও মানুষের জীবনসংগ্রামকে গভীরভাবে উপলব্ধি করতে শেখায়। নিয়মিত পাঠচক্রের মাধ্যমে বন্ধুরা বই পড়ার পাশাপাশি নিজেদের মতামত প্রকাশের সুযোগ পায়, যা জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করে।’
পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রাসেল শেখ, অর্থ সম্পাদক নাঈম শেখ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ওলী উল্লাহ ও সদস্য সবুজ শেখ। আলোচনা শেষে সবাই নিয়মিত বই পড়া, সাহিত্যচর্চা ও পাঠচক্রের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা