সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ‘প্রাইভেট এরিয়া’ কেন কালচে হয়ে যাচ্ছে, সমাধান কী
‘প্রাইভেট এরিয়া’ কেন কালচে হয়ে যাচ্ছে, সমাধান কী

‘প্রাইভেট এরিয়া’ কেন কালচে হয়ে যাচ্ছে, সমাধান কী

একদিন হঠাৎ খেয়াল করলেন, ব্যক্তিগত অঙ্গের ত্বকের রং আগের তুলনায় কিছুটা গাঢ় হয়ে গেছে। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগতে পারে, এটি কি কোনো রোগের লক্ষণ?

প্রাইভেট এরিয়ার ত্বক কালচে হওয়া অধিকাংশ ক্ষেত্রেই শরীরের স্বাভাবিক পরিবর্তনের অংশ। চিকিৎসকদের মতে, বেশির ভাগ ক্ষেত্রে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। শুধু প্রাইভেট এরিয়া নয়, ত্বক গাঢ় হতে পারে বগল, কনুই, হাঁটু, আঙুলের গিঁট, নিপল ও অ্যারিওলা, ঘাড়ের ভাঁজ, ঊরুর ভেতরের অংশেরও। তবে পরিবর্তনের সঙ্গে যদি অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ যোগ হয়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।

কেন ত্বক কালচে হয়

১. হরমোনের প্রভাব
বয়ঃসন্ধির পর শরীরে হরমোনের পরিবর্তনের কারণে ত্বকের রঞ্জক পদার্থ মেলানিন বেশি তৈরি হতে পারে। ফলে ল্যাবিয়া, স্ক্রোটাম বা অণ্ডথলি এবং মলদ্বারের চারপাশের ত্বক স্বাভাবিকভাবেই কিছুটা গাঢ় দেখায়।

গর্ভাবস্থা কিংবা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিবর্তন আরও স্পষ্ট হতে পারে। একই কারণে অনেকের নিপল, অ্যারিওলা বা নাভির নিচের রেখাও গাঢ় হয়ে যায়।

২. ঘর্ষণ
প্রাইভেট এরিয়ার ত্বক প্রায়ই ঘর্ষণের মধ্যে থাকে। আঁটসাঁট পোশাক, হাঁটার সময় ঊরুর ভেতরের অংশে ঘষা লাগা, যৌনমিলন, শেভিং বা ওয়াক্সিং—এসব কারণে ত্বকে বারবার ঘর্ষণ হয়। এতে মেলানিন উৎপাদন বেড়ে গিয়ে ত্বক কালচে হতে পারে।

৩. প্রদাহ বা সংক্রমণ
ইস্ট ইনফেকশন, ইনগ্রোন হেয়ার, ফলিকুলাইটিস (লোমকূপের প্রদাহ) কিংবা অন্য কোনো প্রদাহের পর ত্বকে কালো দাগ থেকে যেতে পারে। চিকিৎসাবিজ্ঞানে একে পোস্ট-ইনফ্ল্যামেটরি হাইপারপিগমেন্টেশন বলা হয়।

৪. বয়স
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বছরের পর বছর হরমোনের পরিবর্তন ও ঘর্ষণের প্রভাব জমতে থাকে। ফলে প্রাইভেট এরিয়ার ত্বক ধীরে ধীরে আরও গাঢ় হতে পারে।

কী করলে কিছুটা কমানো যায়

চিকিৎসকদের মতে, অধিকাংশ ব্যক্তির ক্ষেত্রেই প্রাইভেট এরিয়ার ত্বক শরীরের অন্য অংশের তুলনায় কিছুটা গাঢ় হয়। সবার ত্বকের রং এক রকম নয়, তাই প্রাইভেট এরিয়ার স্বাভাবিক রংও ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। হরমোনজনিত বা বয়সজনিত পরিবর্তন পুরোপুরি ঠেকানো সম্ভব নয়। তবে ঘর্ষণ কমাতে কিছু অভ্যাস উপকারী হতে পারে—

  • অতিরিক্ত আঁটসাঁট পোশাক না পরা

  • ত্বক পরিষ্কার ও শুষ্ক রাখা

  • প্রয়োজন ছাড়া বারবার শেভিং বা ওয়াক্সিং না করা

  • ঘাম শোষণ করে, এমন আরামদায়ক কাপড় পরা

  • ত্বক শুষ্ক হয়ে গেলে ময়েশ্চারাইজার ব্যবহার করা

কখন চিকিৎসকের কাছে যাবেন

শুধু ত্বক কিছুটা গাঢ় হয়ে যাওয়া সাধারণত উদ্বেগের কারণ নয়। তবে নিচের যেকোনো লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি—

  • রং হঠাৎ দ্রুত বদলে যাওয়া

  • তীব্র চুলকানি বা জ্বালাপোড়া

  • ব্যথা, ক্ষত বা রক্তপাত

  • ত্বক মোটা, খসখসে বা মখমলের মতো হয়ে যাওয়া

  • আঁচিল, গুটি বা অস্বাভাবিক দাগ দেখা দেওয়া

  • দুর্গন্ধযুক্ত স্রাব বা সংক্রমণের অন্য লক্ষণ থাকা

লেজার চিকিৎসা কি করা যায়

শুধু রঙের কারণে অস্বস্তি থাকলে লেজার বা কেমিক্যাল পিলের মতো কিছু প্রসাধনী চিকিৎসা আছে। তবে প্রাইভেট এরিয়ার ত্বক অত্যন্ত সংবেদনশীল। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা বিজ্ঞাপন বা ঘরোয়া কোনো উপায়ে ত্বক ফর্সা করার চেষ্টা না করে অবশ্যই চর্মরোগবিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

সূত্র: হেলথ লাইন

About Editor Todaynews24

Check Also

ইমরান খান কি তাহলে মুক্তি পাচ্ছেন

ইমরান খান কি তাহলে মুক্তি পাচ্ছেন

পাকিস্তানের উত্তরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার। সেখানে এক নির্জন কক্ষে বন্দী ‘কয়েদি নম্বর ৮০৪’। চলতি সপ্তাহেই তাঁর কারাজীবনের তিন বছর পূর্ণ হতে চলেছে। তিনি ইমরান খান। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী।সামরিক বাহিনীর সঙ্গে বিরোধে জড়িয়ে ২০২৩ সালে দুর্নীতির মামলায় কারাবন্দী হন ইমরান। সেই থেকে তিনি লোকচক্ষুর আড়ালে। ২৬ কোটি…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *