সর্বশেষ খবর
Home / সকল আপডেট / নেসকো কেন, কোনো কিছু রাজশাহী থেকে যাবে না: ভূমিমন্ত্রী
নেসকো কেন, কোনো কিছু রাজশাহী থেকে যাবে না: ভূমিমন্ত্রী

নেসকো কেন, কোনো কিছু রাজশাহী থেকে যাবে না: ভূমিমন্ত্রী

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) প্রধান কার্যালয় রাজশাহী থেকে স্থানান্তরের বিষয়ে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহীর সব প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে। নেসকো কেন, কোনো কিছু রাজশাহী থেকে যাবে না।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আজ বুধবার সকালে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথাগুলো বলেন।

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রক্রিয়া চলমান এবং সম্প্রতি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও বগুড়ার সংসদ সদস্য মীর শাহে আলম এ কার্যালয় বগুড়ায় নিয়ে যাওয়ার পক্ষে একটি বক্তব্য দিয়েছেন। রাজশাহীবাসী এ উদ্যোগের বিরোধিতা করেছেন; এর প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বিভিন্ন সংগঠন বিবৃতিও দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে কথা বললেন ভূমি প্রতিমন্ত্রী মিজানুর রহমান।

আজকের অনুষ্ঠানে নেসকোর প্রধান কার্যালয় বগুড়া স্থানান্তরের প্রক্রিয়ার ব্যাপারে মিজানুর রহমান বলেন, ‘এটি হচ্ছে এখানে কয়েকজন যারা চাকরি করে, কিছু কিছু আছে যারা ফ্যাসিস্টদের দালাল, তারা এটা নিয়ে একটি ষড়যন্ত্র করতে পারে। আর কে কী বলল, কোন কন্ট্রাক্টর… নো, দিস ইজ রাজশাহী।’

ভূমিমন্ত্রী আরও বলেন, ‘রাজশাহীর সব প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে। নেসকো কেন, কোনো কিছু রাজশাহী থেকে যাবে না। রাজশাহী হবে ফাস্ট। আমার কাছে মন্ত্রিত্ব, এমপি, মেয়র বড় জিনিস নয়। এই মাটিতেই আমার জন্ম। এই মাটিতেই আমার মৃত্যু হবে। এটিই আমার আকাঙ্ক্ষা, এটিই আমার চাওয়া। আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন। আর এগুলো…কোন কন্ট্রাক্টর, কোথায় কী বলল, তাতে কিছু আসে–যায় না।’

গণ–অভ্যুত্থানে শহীদ সাকিব আঞ্জুম, আলী রায়হান, মিনারুল ইসলাম, ফিরোজসহ সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে ভূমিমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের বিজয় দিবস বাংলাদেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক দীপ্ত প্রত্যয়। জাতি এই দিবসকে মহান মুক্তিযুদ্ধ, বায়ান্নর ভাষা আন্দোলন এবং উনসত্তরের গণ-অভ্যুত্থানের মতোই চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।

শহীদ পরিবারের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, শহীদদের পরিবার যেন কোনোভাবে অসম্মানিত বা নির্যাতনের শিকার না হয়, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হয়েছে। সরকার শহীদদের সন্তানদের লেখাপড়া ও পরিবারের দেখভালের দায়িত্ব নিয়েছে এবং প্রয়োজনে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদসহ পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে ১৬ জুলাই নেসকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের বিষয়ে আর্থিক ও প্রশাসনিক প্রভাব বিশ্লেষণ করে মতামত দিতে বলা হয়েছে। এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও বগুড়ার সংসদ সদস্য মীর শাহে আলম নেসকো বগুড়ায় স্থানান্তরের জন্য বিদ্যুৎমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠান।

About Editor Todaynews24

Check Also

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭৫৮ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *