বলিউডে বয়স যেন কেবল একটি সংখ্যা। স্টাইল, ফিটনেস ও সৌন্দর্যে প্রতিনিয়ত নতুনভাবে চমকে দেন মালাইকা অরোরা। এবারও তার ব্যতিক্রম হলো না। মুম্বাইয়ের খ্যাতনামা সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট অমিত যশবন্তের হাতে নতুন হেয়ারকাট ও চুলের রং করিয়ে তিনি হাজির হয়েছেন এক সতেজ ও ট্রেন্ডি লুকে।
অমিত যশবন্ত মুম্বাইয়ের বান্দ্রাভিত্তিক জনপ্রিয় হেয়ার স্টুডিও মেন ম্যানিয়াকের প্রতিষ্ঠাতা। বলিউডের টাইগার শ্রফ, অনন্যা পান্ডে, আদিতি রাও হায়দারিসহ অনেক তারকার চুলের স্টাইলিংয়ের জন্য পরিচিত তিনি। এবার তাঁর স্টুডিওতেই নিজের নতুন লুকের দায়িত্ব তুলে দেন মালাইকা।


মালাইকার পরিচিত লম্বা চুল এবার নতুন মাত্রা পেয়েছে সফট লেয়ার কাটে। সামনের ফেস–ফ্রেমিং লেয়ার মুখাবয়বকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আর লেয়ারিংয়ের কারণে চুলে এসেছে স্বাভাবিক ভলিউম। মালাইকার চুলের রঙেও এসেছে সূক্ষ্ম পরিবর্তন।

গাঢ় বাদামি বেসের সঙ্গে নিচের দিকে ধীরে ধীরে মিশে গেছে ক্যারামেল ও হানি–ব্রাউন বালায়াজ। রঙের এই গ্রেডিয়েন্ট চুলে আলাদা মাত্রা এনেছে, আবার অতিরিক্ত নাটকীয়ও লাগছে না। স্টাইলিংয়ে রাখা হয়েছে সেন্টার পার্টিং। ব্লো ড্রাইয়ের মাধ্যমে চুলে তৈরি করা হয়েছে নরম ভলিউম, আর শেষ প্রান্তে রয়েছে হালকা ফেদারড ফিনিশ।

হেয়ারকাটের পাশাপাশি মালাইকার পোশাকও ছিল মিনিমাল অথচ নজরকাড়া। কালো রঙের হাইনেক, ফুলস্লিভ টপ, যার পেছনের অংশে রয়েছে স্টাইলিশ কাট–আউট ডিটেইল। এর সঙ্গে একই রঙের ফিটেড বটম তাঁকে দিয়েছে মনোক্রম আবেদন। রেড লিপ লুক আকর্ষণ বাড়াচ্ছে যেন।
একই হেয়ার মেকওভারকে ভিন্নভাবে স্টাইল করেও দেখা গেছে মালাইকাকে। ধূসর স্পোর্টস ব্রা, জগার প্যান্ট ও লেয়ার করা শ্রাগে ধরা দিয়েছেন তিনি।

অ্যাথলেজার এই লুকে সফট ওয়েভে স্টাইল করা চুলে লেয়ার কাট ও বালায়াজের শেডগুলো আরও সুন্দরভাবে ফুটে উঠেছে।

অনেকেই হেয়ার ট্রান্সফরমেশন বলতে ছোট করে চুল কেটে ফেলা বা একেবারে ভিন্ন রঙে রাঙিয়ে নেওয়াকে বোঝেন। মালাইকার নতুন লুক দেখায়, বড় পরিবর্তন না এনেও শুধু লেয়ার, রঙের খেলা ও নিখুঁত স্টাইলিংয়ের মাধ্যমে চুলে আনা যায় সম্পূর্ণ নতুন এক আবেদন। সে কারণেই তাঁর এই নতুন হেয়ার মেকওভার ইতিমধ্যেই সৌন্দর্যপ্রেমীদের নজর কাড়ছে।
ছবি: ইন্সটাগ্রাম