সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ডাইনিং টেবিল থেকে নিজস্ব ঠিকানায়, ফ্যাশন উদ্যোগ সরলা-র প্রথম আউটলেট
ডাইনিং টেবিল থেকে নিজস্ব ঠিকানায়, ফ্যাশন উদ্যোগ সরলা-র প্রথম আউটলেট

ডাইনিং টেবিল থেকে নিজস্ব ঠিকানায়, ফ্যাশন উদ্যোগ সরলা-র প্রথম আউটলেট

দেশীয় ফ্যাশন ব্র্যান্ড সরলা অনলাইনের পাশাপাশি এবার যাত্রা শুরু করল নিজস্ব আউটলেটের। রাজধানীর কালাচাঁদপুরের নতুন স্টোরে মিলবে পোশাক, গয়না ও সাজের বিভিন্ন অনুষঙ্গ।

অনলাইনে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে দেশীয় পোশাক নিয়ে কাজ করার পর এবার নিজস্ব আউটলেটে যাত্রা শুরু করল ফ্যাশন উদ্যোগ সরলা। ৩১ জুলাই রাজধানীর কালাচাঁদপুর নর্দায় উদ্বোধন করা হয়েছে ব্র্যান্ডটির প্রথম অফলাইন স্টোর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরলার ক্রেতা, শুভানুধ্যায়ী ও ঘনিষ্ঠজনেরা।

সরলার ক্রেতা, শুভানুধ্যায়ী ও ঘনিষ্ঠজনেরা ছিল উদ্বোধনী আয়োজনে

ডাইনিং টেবিল থেকে আউটলেট

একটি ডাইনিং টেবিল থেকে শুরু হয়েছিল সরলার পথচলা। স্বপ্ন দেখেছিলেন উদ্যোক্তা মানসুরা ইয়াসমিন স্পৃহা; পাশে ছিলেন তাঁর জীবনসঙ্গী আমিনুল্লাহ বাবু। দুজনের প্রচেষ্টায় ছোট্ট সেই স্বপ্নই এগারো বছরের যাত্রায় রূপ নিয়েছে একটি পূর্ণাঙ্গ ফ্যাশন ব্র্যান্ডে।

সরলার টিম

এতদিন অনলাইনভিত্তিক কার্যক্রমের মাধ্যমে দেশীয় পোশাকপ্রেমীদের কাছে পরিচিতি পেলেও অনেক ক্রেতার ইচ্ছা ছিল পোশাকগুলো সরাসরি দেখে কেনার। সেই চাহিদা  থেকেই অনলাইনের পাশাপাশি প্রায় ৬০০ বর্গফুটের একটি ফিজিক্যাল স্টোর চালু করেছে সরলা। ক-৩৪/২, কালাচাঁদপুর স্কুল রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত আউটলেটটিতে ক্রেতারা এখন সরাসরি কাপড়ের মান, নকশা ও ফিনিশিং দেখে পছন্দের পোশাক কিনতে পারবেন।

নিজস্বতার ছাপ স্পষ্ট

আউটলেটে তাদেঁর নিজস্বতার ছাপ স্পষ্ট। আউটলেটে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়ে দেয়ালজুড়ে আঁকা একটি চিত্রগল্প। এটি শুধু সাজসজ্জার অংশ নয়; বরং সরলার জন্ম থেকে আজ পর্যন্ত পথচলার এক শিল্পিত উপস্থাপনা।

আউটলেটে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়ে দেয়ালজুড়ে আঁকা একটি চিত্রগল্প

ডাইনিং টেবিলে বসে উদ্যোক্তা মানসুরা ইয়াসমিন স্পৃহা ও আমিনুল্লাহ বাবুর স্বপ্ন দেখা, কারিগরদের সঙ্গে কাজের শুরু, একটি টিম গড়ে ওঠা আর সবশেষে ক্রেতাদের আস্থা অর্জনের গল্প ফুটে উঠেছে দেয়ালচিত্রে।

পোশাকের সঙ্গে সাজের অনুষঙ্গও

সরলার নতুন গয়না দেখছেন একজন ক্রেতা

একদম সামনেই এক তাক জুড়ে রাখা হয়েছে সরলার সিগনেচার হ্যান্ডপেইন্টেড সানগ্লাস সংগ্রহ। তারপর বড় একটা জায়গা দখল করে আছে সরলার ফ্লেক্সি ব্লাউজ। নকশা আর ফেব্রিকের বৈচিত্র্যের জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছে তাদের ব্লাউজ। আছে আরামদায়ক শার্ট ও কুর্তির ডিসপ্লে। একপাশে আছে সরলার ব্লক ও তাঁতের শাড়ি। পাশেই নজর কাড়ে সরলার সিগনেচার ইলাস্ট্রেটেড শাড়িগুলো।

নতুন কালেকশনে সবার নজর

এছাড়াও নতুন আউটলেটে  সরলা এনেছে নিজস্ব নকশার ব্রাসের কিছু গয়না। আছে কানের দুল, নেকপিস ও নথ। এছাড়াও আছে কাঁচের চুড়ি ও টিপের সংগ্রহ। এখানেই শেষ নয়, আছে পেটিকোটও। অর্থাৎ, এখানে পোশাকের সঙ্গে মিলিয়ে সাজের অনুষঙ্গও এক জায়গা থেকেই বেছে নেওয়ার সুযোগ পাবেন ক্রেতারা।

‘ধীরে এগোতে চেয়েছি’

উদ্বোধনী অনুষ্ঠানে ক্রেতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মানসুরা ইয়াসমিন স্পৃহা বলেন, ‘২০১৬ থেকে ২০২৬—অনলাইন থেকে সরলাকে নিজের একটা জায়গা দিতে আমাদের দীর্ঘ সময় লেগেছে। আমি সবসময় ধীরে এগোতে চেয়েছি, যেন ভিত্তিটা শক্ত হয়। এখনো বিশ্বাস হচ্ছে না, সরলার জন্য নিজের একটি জায়গা করতে পেরেছি।’

উদ্যোক্তা মানসুরা ইয়াসমিন স্পৃহা

স্পৃহার দীর্ঘদিনের সহযাত্রী ও সবচেয়ে বড় সমর্থক আমিনুল্লাহ বাবু বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করেছি, স্পৃহা চাইলে নিজের জায়গা তৈরি করতে পারবে। সে সেটা করে দেখিয়েছে। তবে এখানেই শেষ নয়। আমার মনে হয়, সরলা এখনো যাত্রাপথের মাঝামাঝি অবস্থানে আছে। সামনে স্পৃহার হাত ধরে সরলা আরও অনেক দূর যাবে।’

শুভেচ্ছায় মুখর উদ্বোধনী আয়োজন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাল ফ্যাশনের কনসালটেন্ট ও জ্যেষ্ঠ ফ্যাশন সাংবাদিক শেখ সাইফুর রহমান, ব্যবসায়ী ও বাংলাদেশ চ্যাম্বার অব ইন্ডাস্ট্রিজের প্রাক্তন সভাপতি শাহেদুল ইসলাম হেলাল, ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি আজহারুল হক আজাদ, রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাশ, হাল ফ্যাশনের সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটরসহ ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পৃক্ত আরও অনেকে। অনুষ্ঠানের বিভিন্ন সময়ে এসে শুভেচ্ছা জানিয়েছেন সহ–উদ্যোক্তারাও।

সরলার নতুন আউটলেটে ব্র্যান্ডটির নিজস্ব পরিচয় ও দর্শনের স্পষ্ট উপস্থিতি রয়েছে বলে মনে করেন আজহারুল হক আজাদ। তাঁর ভাষায়, অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমকে সামনে রেখে নতুন প্রজন্মের উদ্যোক্তারা যেভাবে ব্যবসাকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন, তা সত্যিই প্রশংসনীয়।

শুভেচ্ছায় মুখর উদ্বোধনী আয়োজনে সম্মানিত অতিথিবৃন্দ

শেখ সাইফুর রহমানের কাছে সরলার নতুন ঠিকানা ‘সুইট অ্যান্ড সিম্পল’। তাঁর মতে, ব্র্যান্ডটির নামের মতোই এর উপস্থাপনাও সরল, পরিমিত এবং আকর্ষণীয়।

শাহেদুল ইসলাম হেলাল বলেন, পুরো আউটলেটজুড়ে দেশীয় পণ্যের উপস্থিতি তাঁকে মুগ্ধ করেছে। দেশের ফ্যাশন শিল্পকে আরও শক্তিশালী করতে এমন উদ্যোগের সংখ্যা বাড়ানো প্রয়োজন।

শুভেচ্ছা জানিয়েছেন সহ–উদ্যোক্তারাও

সৌমিক দাশ বলেন, ‘ছোট উদ্যোগগুলো নিরলস পরিশ্রমের মাধ্যমে বড় হয়ে উঠতে দেখলে খুব ভালো লাগে। সরলা দীর্ঘদিন ধরে অনলাইনে ধারাবাহিকভাবে ভালো কাজ করে আসছে। নতুন এই আউটলেট সেই সফলতারই স্বাক্ষর। সামনে সরলা আরও বড় হোক—এই শুভকামনা রইল।’

সবশেষে, এক দশকের বেশি সময় ধরে অনলাইনে তৈরি হওয়া একটি ব্র্যান্ডের জন্য এই আউটলেট শুধু নতুন বিক্রয়কেন্দ্র নয়, বরং দীর্ঘ পথচলার আরেকটি মাইলফলক। ক্রেতাদের আরও কাছাকাছি পৌঁছানোর পাশাপাশি দেশীয় ফ্যাশনের প্রতি সরলার বিশ্বাস ও যাত্রাকেও নতুন মাত্রা দিল এই ঠিকানা।

ছবি: হাল ফ্যাশন

About Editor Todaynews24

Check Also

আপনার আয় কোন খাতে পড়ল? রিটার্নে ভুল হলে বাড়তে পারে ঝামেলা

সাত ধরনের আয়ের ওপর কর বসে। এগুলো হলো বেতন–ভাতা, ভাড়া, কৃষি, ব্যবসা, মূলধনি আয়, আর্থিক পরিসম্পদ আয় ও অন্যান্য খাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *