খুলনা নগরের দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. ইসমাইল (৩৬)। তিনি দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় দুর্বৃত্তরা ইসমাইলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। এরপর হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ইসমাইলের বিরুদ্ধে মাদকের কারবার ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ আছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘তাঁকে (ইসমাইল) গুলি করে এবং মৃত্যু নিশ্চিত করতে অসংখ্যবার কুপিয়ে জখম করা হয়েছে। হত্যাকাণ্ডের ধরন দেখে মনে হচ্ছে, তাঁর প্রতি হামলাকারীদের তীব্র আক্রোশ ছিল। প্রাথমিকভাবে জানতে পেরেছি, তিনি খুলনার একটি সন্ত্রাসী গ্রুপের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে খুলনা সদর থানায় মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনে তিনটি মামলা রয়েছে। এলাকাবাসীর কাছ থেকে জেনেছি, তিনি যুবলীগের কর্মী ছিলেন।’
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।