সর্বশেষ খবর
Home / সকল আপডেট / আঞ্চলিক নিরাপত্তা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে আলোচনা
আঞ্চলিক নিরাপত্তা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে আলোচনা

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে আলোচনা

বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাঁদের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা জোরদারে দুই দেশের সহযোগিতা আরও গভীর করার বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা হয়েছে।

ঢাকায় মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা জোরদারে দুই দেশের সহযোগিতা আরও গভীর করার বিভিন্ন সুযোগ নিয়ে তাঁরা আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীন তাঁর ফেসবুক পেজে জানান, বৈঠকে মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অবদান নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী ১৯৯১ সালে বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ের পর যুক্তরাষ্ট্র পরিচালিত অপারেশন সি অ্যাঞ্জেলের কথা স্মরণ করেন।

মার্কিন নৌবহরের কমান্ডার বিভিন্ন নৌ মহড়ায় বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন। তিনি আগামী নভেম্বরে অনুষ্ঠেয় কারাট (কো–অপারেশন রেডিনেস অ্যাফ্লোট অ্যান্ড ট্রেনিং) বাংলাদেশে আয়োজনের বিষয়টি উল্লেখ করেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় বহর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে প্রতিবছর দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় নৌ মহড়া কারাটের আয়োজন করে থাকে। এতে অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ব্রুনেই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনায় মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার সিঙ্গাপুরে অনুষ্ঠিত সি ভিশন এক্সারসাইজে বাংলাদেশের অংশগ্রহণের কথা উল্লেখ করেন। তিনি ভবিষ্যতে নিয়মিতভাবে অনুষ্ঠিত রিম অব দ্য পিসের মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

বৈঠকে বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি জিসোমিয়া নিয়ে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া এবং এর অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়। একই সঙ্গে যুগোপযোগী ও বিস্তৃত সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার আগ্রহ প্রকাশ করা হয়।

কমান্ডার স্টিভ কেলার বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করার ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। কমান্ডার আফ্রিকার বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সব সময় শান্তির পক্ষে।

বৈঠকে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

About Editor Todaynews24

Check Also

ঢাকা মহানগরীতে ৮টি মেট্রোরেল, ৬টি এক্সপ্রেসওয়ে, ২১ পরিবহন হাবের পরিকল্পনা

ঢাকা মহানগরীতে ৮টি মেট্রোরেল, ৬টি এক্সপ্রেসওয়ে, ২১ পরিবহন হাবের পরিকল্পনা

সভায় বৃহত্তর ঢাকার পরিবহনব্যবস্থার কৌশলগত দিকনির্দেশনা, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে ডিটিসিএর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *