সর্বশেষ খবর
Home / সকল আপডেট / বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে অস্ত্র ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, পিস্তলসহ যুবক গ্রেপ্তার
বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে অস্ত্র ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, পিস্তলসহ যুবক গ্রেপ্তার

বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে অস্ত্র ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, পিস্তলসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে একটি বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও খালি স্ট্যাম্পে জোর করে সই নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আনোয়ার হোসেন ওরফে টিটু (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫টি গুলি, ৪০টি ইয়াবা, ২৭ হাজার টাকা ও ২টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকেলে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হক ম্যানশনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার আনোয়ার হোসেন বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের নুর আলমের ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদক আইনে সাতটি মামলা রয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল পৌনে পাঁচটার দিকে হক ম্যানশনের চতুর্থ তলার ভাড়াটে নাঈমা আক্তারের (১৮) বাসায় তিনজন অস্ত্রধারী ব্যক্তি ঢোকেন। তাঁরা পরিবারের সদস্যদের পিস্তল ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে খালি স্ট্যাম্পে জোর করে সই নেওয়া হয়। এ সময় বাসা থেকে ২৭ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

ঘটনার সময় পরিবারের এক সদস্য মুঠোফোনে বিষয়টি সুধারাম মডেল থানায় জানান। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর ও সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ভবনটি ঘেরাও করে।

পুলিশ জানায়, সিঁড়ি দিয়ে নিচে নেমে পালানোর সময় আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৫টি গুলিসহ একটি বিদেশি পিস্তল, ৪০টি ইয়াবা ও ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে তাঁর সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি পালিয়ে যান। পরে ভবনের নিচে তাঁদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গ্রেপ্তার আনোয়ার হোসেনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর দুই ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

About Editor Todaynews24

Check Also

অস্ট্রেলিয়ায় বার্ড ফ্লুর হানা, ঝুঁকিতে বন্য প্রাণী ও সামুদ্রিক পাখি

অস্ট্রেলিয়ায় বার্ড ফ্লুর হানা, ঝুঁকিতে বন্য প্রাণী ও সামুদ্রিক পাখি

অস্ট্রেলীয় সরকারের সাম্প্রতিক এক মূল্যায়নে বলা হয়েছে, চলমান বার্ড ফ্লুর প্রভাবে দেশটির অন্তত পাঁচটি বন্য প্রাণী ও সামুদ্রিক পাখির প্রজাতি পুরোপুরি বিলুপ্ত হয়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *