সর্বশেষ খবর
Home / সকল আপডেট / চল্লিশের পর নতুন সম্পর্কে জড়ানোর আগে যে ৭টি বিষয় মনে রাখবেন
চল্লিশের পর নতুন সম্পর্কে জড়ানোর আগে যে ৭টি বিষয় মনে রাখবেন

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়ানোর আগে যে ৭টি বিষয় মনে রাখবেন

চল্লিশের পরও মানুষ নতুন সম্পর্কে জড়ায়, নতুন করে ভালোবাসার মানুষ খুঁজে পায়। তবে সেই অভিজ্ঞতা বিশের দশকের মতো নয়। বয়স, অভিজ্ঞতা, দায়িত্ব আর জীবনের নানা বাস্তবতা মিলিয়ে এ সময়ের ডেটিং হয়ে ওঠে একেবারেই অন্য রকম। কখনো জটিল, কখনো অপ্রত্যাশিত, আবার কখনো আগের চেয়ে অনেক বেশি পরিণত।

১. ব্যক্তির সঙ্গে জীবন

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়ানো মানে শুধু একজন ব্যক্তিকে জানা নয়, তাঁর জীবনকেও গ্রহণ করা। এই বয়সে অনেকেরই থাকে আগের সম্পর্কের স্মৃতি, সন্তান, পরিবারের দায়িত্ব বা জীবনের সঙ্গে জড়িয়ে থাকা কিছু মানুষ।

নতুন সম্পর্কে দুজনকেই জানতে হয় এবং মেনে নিতে হয় দুজনের অতীত, অভ্যাস ও বাস্তবতাকে। তরুণ বয়সে সম্পর্ক মানে ছিল একসঙ্গে নতুন জীবন গড়ে তোলা। কিন্তু চল্লিশের পর বিষয়টি অনেকটাই গুছিয়ে ওঠা জীবনকে আবার গোছাতে হয়। সেই পথ সহজ হয় তখনই, যখন দুজনই একে অন্যের অতীতকে সম্মান করতে পারেন।

চল্লিশের পর নতুন সম্পর্ক
এই বয়সে এসে অনেকেই নিজের সময়, মানসিক শান্তি ও আত্মসম্মানের সঙ্গে আপস করতে চান না

২. অতিরিক্ত বাছবিচার নয়

চল্লিশে এসে বেশির ভাগ মানুষই বুঝে যান, সম্পর্কে তাঁরা কী চান আর কী চান না। তাই কারও আচরণ, যোগাযোগের ধরন বা মানসিকতা নিজের সঙ্গে না মিললে বুঝতে খুব বেশি সময় লাগে না। এটি অবশ্যই ইতিবাচক। এতে অপ্রয়োজনীয় সম্পর্কে সময় নষ্ট হয় না।

তবে এর একটি উল্টো দিকও আছে। নিজের চাওয়া এতটাই স্পষ্ট হয়ে যায় যে অনেক সময় সামান্য ভিন্নতা মেনে নিতে ইচ্ছা করে না। নিজের জন্য মানদণ্ড থাকা জরুরি। কিন্তু সেই মানদণ্ড যেন এমন না হয়, যা কাউকে সুযোগ দেওয়ার আগেই সম্পর্কের দরজা বন্ধ করে দিচ্ছেন।

৩. ডেটিংয়ের সুযোগ ও দৃষ্টিভঙ্গি

অনেকের ধারণা, চল্লিশের পর ডেটিংয়ের সুযোগ কমে যায়। বাস্তবে বিষয়টি সব সময় তেমন নয়। আদতে বয়সের সঙ্গে বদলে যায় মানুষের অগ্রাধিকার। আগে হয়তো কারও অস্পষ্ট আচরণ, অনিয়মিত যোগাযোগ বা ‘সময় দিলে সব ঠিক হয়ে যাবে’—এমন আশা নিয়ে সম্পর্ক চালিয়ে যাওয়া যেত। কিন্তু অভিজ্ঞতা মানুষকে শেখায়, সব সম্পর্ক ধরে রাখার জন্য নয়।

এই বয়সে এসে অনেকেই নিজের সময়, মানসিক শান্তি ও আত্মসম্মানের সঙ্গে আপস করতে চান না। যে সম্পর্ক শুরু থেকেই স্বস্তি বা সম্মান দেয় না, সেখানে আর নিজেকে প্রমাণ করার প্রয়োজনও অনুভব করেন না। এ কারণে অনেক সময় একাকিত্ব অনুভূত হতে পারে। তবে সেটি সুযোগের অভাব নয়; বরং নিজের সীমারেখা সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠার ফল।

চল্লিশের পর নতুন সম্পর্ক
প্রথম দেখা বা প্রথম ডেটের উদ্দেশ্য হলো একে অন্যকে চেনা, মিল খুঁজে দেখা এবং দুজনের মধ্যে স্বাচ্ছন্দ্য তৈরি হওয়া

৪. অতীতের সঙ্গে তুলনা আসবেই

নতুন কারও সঙ্গে পরিচয় হলে অজান্তেই তাঁর সঙ্গে অতীতের মানুষের তুলনা চলে আসে—কখনো এমন একজনের সঙ্গে, যিনি আপনাকে কষ্ট দিয়েছিলেন। কখনো আবার এমন কারও সঙ্গে, যাঁর পাশে নিজেকে সবচেয়ে সুখী মনে হয়েছিল। এটি এড়িয়ে যাওয়া কঠিন। কারণ, বয়সের সঙ্গে মানুষের অভিজ্ঞতাও বাড়ে। সেই অভিজ্ঞতাই শেখায়, সম্পর্কে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ।

যেসব গুণ একসময় চোখে পড়েনি, আজ সেসবই মূল্যবান মনে হয়। তবে অতীত যেন তুলনার মানদণ্ড না হয়ে শেখার জায়গা হয়। চল্লিশের পর সম্পর্কের সমীকরণ বদলে যায়; কারণ, মানুষ বদলে যায়। এই বয়সে সবাই নিজের অভিজ্ঞতা, দায়িত্ব, সাফল্য-ব্যর্থতা ও প্রত্যাশা নিয়ে এগিয়ে চলে। তাই নতুন সম্পর্ক টিকে থাকে তখনই, যখন দুজন ব্যক্তি একে অন্যের অতীতকে মেনে নিয়ে বর্তমানকে গুরুত্ব দিতে পারেন।

৫. প্রথমেই সব কথা নয়

প্রথম দেখা বা প্রথম ডেটের উদ্দেশ্য হলো একে অন্যকে চেনা, মিল খুঁজে দেখা এবং দুজনের মধ্যে স্বাচ্ছন্দ্য তৈরি হওয়া। তাই শুরুতেই অতীতের সম্পর্ক, কষ্টের অভিজ্ঞতা বা ব্যক্তিগত সমস্যার সব গল্প বলে ফেলার প্রয়োজন নেই।

অনেক দিন একা থাকার পর কারও সঙ্গে ভালো লাগা তৈরি হলে নিজের সব অনুভূতি একবারেই প্রকাশ করে ফেলতে ইচ্ছা করতে পারে। কিন্তু তাতে অনেক সময় উল্টো অস্বস্তির পরিবেশ তৈরি হয়।

প্রথম সাক্ষাতে নিজের দুঃখের গল্প শুনিয়ে কারও কাছ থেকে সমবেদনা, স্বীকৃতি বা ভরসা পাওয়ার চেষ্টা না করে স্বাভাবিক থাকুন। হাসিমুখে কথা বলুন, মন দিয়ে সামনের মানুষটিকে জানার চেষ্টা করুন। সম্পর্ককে নিজের গতিতে এগোতে দিন।

চল্লিশের পর নতুন সম্পর্ক
প্রথম সাক্ষাতে নিজের দুঃখের গল্প শুনিয়ে কারও কাছ থেকে সমবেদনা, স্বীকৃতি বা ভরসা পাওয়ার চেষ্টা করলে বিরক্ত হতে পারেন অপর দিকের মানুষটি

৬. আর্থিক দায়িত্বশীলতা সম্পর্কেও গুরুত্বপূর্ণ

চল্লিশের পর সম্পর্কে শুধু ভালোবাসা নয়, দায়িত্ববোধও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখানে বিষয়টি ঠিক ধনী হওয়াকে বোঝাচ্ছে না। বরং অর্থের ব্যাপারে দায়িত্বশীল হতে হবে। নিজের আয়-ব্যয় সম্পর্কে সচেতন থাকা, ঋণ বা আর্থিক দায়িত্ব সামলাতে পারা এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা—এসব একজন ব্যক্তির পরিণত মানসিকতার পরিচয় দেয়।

অনেক সময় একজন ব্যক্তি অর্থ কীভাবে সামলান, তা তাঁর সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দেয়। যিনি আর্থিক বিষয়ে দায়িত্বশীল, তিনি সম্পর্কেও সাধারণত দায়িত্ব নিতে, পরিকল্পনা করতে এবং জবাবদিহি করতে প্রস্তুত থাকেন।

৭. সন্তান থাকলে সমীকরণ একটু ভিন্ন

আপনার বা সম্ভাব্য সঙ্গীর কারও সন্তান থাকলে নতুন সম্পর্কের সমীকরণ স্বাভাবিকভাবেই কিছুটা আলাদা হয়ে যাবে। তখন শুধু দুজন ব্যক্তির অনুভূতিই নয়, সময়, দায়িত্ব ও পরিবারের বিষয়গুলোও গুরুত্ব পাবে। তবে এর অর্থ এই নয় যে নতুন সম্পর্ক গড়ে তোলা কঠিন। বরং প্রয়োজন আরও বেশি পরিণত মানসিকতা।

সন্তানের দায়িত্বকে সম্মান করা, তাঁর সময় ও অগ্রাধিকারকে গুরুত্ব দেওয়া এবং সম্পর্ককে ধীরে ধীরে এগোতে দেওয়াই সবচেয়ে ভালো। মনে রাখতে হবে, একজন অভিভাবকের জীবনে সন্তানই সবার আগে। তাড়াহুড়া নয়, ধৈর্য ও পারস্পরিক বোঝাপড়াই এ সময়ের সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি হবে।

সূত্র: মিডিয়াম

About Editor Todaynews24

Check Also

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি মালবাহী ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিক্সার চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাখালী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহে আলম (৪০) মৃত মজিবুর রহমানের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *