সর্বশেষ খবর
Home / সকল আপডেট / জুলাই অভ্যুত্থানের পরও উন্নতি হয়নি গণমাধ্যম পরিস্থিতির
জুলাই অভ্যুত্থানের পরও উন্নতি হয়নি গণমাধ্যম পরিস্থিতির

জুলাই অভ্যুত্থানের পরও উন্নতি হয়নি গণমাধ্যম পরিস্থিতির

জুলাই গণ–অভ্যুত্থান আশা জাগালেও গণমাধ্যমের সামগ্রিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে মত এসেছে এক সংলাপে। সেখানে বলা হয়েছে, একদিকে গণমাধ্যমের ওপর মানুষের আস্থা ফেরেনি, অন্যদিকে এখনো সাংবাদিক ও সংবাদমাধ্যমের কার্যালয় আক্রান্ত হচ্ছে।

আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই পরবর্তী বাংলাদেশ: রাষ্ট্র ও গণতন্ত্র পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শিরোনামের সংলাপে এই পর্যবেক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন। সংলাপটি আয়োজন করে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ)।

অধ্যাপক গীতি আরা নাসরীন বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর আমরা গণমাধ্যমের সামগ্রিক অবস্থার উত্তরণ দেখিনি। শ্রোতা-দর্শক-পাঠকেরা গণমাধ্যমকে বিশ্বাসযোগ্য মনে করে না। ফলে গণমাধ্যম তাদের গুরুত্ব হারিয়ে ফেলছে।’

অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত সংস্কার কমিশন স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন এবং সাংবাদিকের নিরাপত্তার বিষয়ে যে বিশেষ সুপারিশ করেছিল, তা উপেক্ষিত হওয়ার দিকটিও তুলে ধরেন তিনি।

সাংবাদিকতার এই শিক্ষক বলেন, এখনো সাংবাদিককে আক্রমণ করা যায়। এমনকি সংবাদপত্রের কার্যালয় পুড়িয়েও দেওয়া যায়। এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে।

জুলাই অভ্যুত্থানে রাষ্ট্রীয় কাঠামোয় মৌলিক কোনো পরিবর্তন না আসায় একে বিপ্লব বলা যাচ্ছে না বলেও মন্তব্য করেন গীতি আরা নাসরীন।

অন্তর্বর্তী সরকারের সময় গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য জিমি আমির সংলাপে বক্তব্যে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত না হওয়ার জন্য আমলাতন্ত্রকে দায়ী করেন। কমিশনের জনমত জরিপের তথ্য ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়ার বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।

জিমি আমির বলেন, এই সুপারিশগুলো বাস্তবায়িত হলে তথ্য মন্ত্রণালয়ের ভূমিকা সীমিত হয়ে যেতে পারে, তাই সেখান থেকে বাধা আসছে।

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা বলেন, বর্তমান সময়ে রাষ্ট্র পুনর্গঠনের প্রক্রিয়ায় সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে গণমাধ্যম। রাষ্ট্র, নাগরিক ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা না থাকলে গণতান্ত্রিক সংস্কারও টেকসই হবে না।

মাহমুদা হাবিবা বলেন, অনেক সাংবাদিক এখনো অনিশ্চিত চাকরি ও অপ্রতুল বেতনে কাজ করছেন। মালিকপক্ষের অযৌক্তিক চাপ মোকাবিলা করতে তাঁদের আইনি সুরক্ষা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন জুলাই সনদ বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা বা অযথা বিলম্ব সৃষ্টি হলে তা কেবল রাজনৈতিক সংকটই নয়, বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থার বৈধতা নিয়েও প্রশ্ন তৈরি করবে।

সংলাপে সাংবাদিক মাকসুদ-উন-নবী বলেন, রাজনৈতিক দলগুলো ঐক্য গড়বে কি না, সেটি তাদের বিষয়। কিন্তু বিভাজন নয়, তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সামাজিক সম্প্রীতি রক্ষা করা গণমাধ্যমের দায়িত্ব।

About Editor Todaynews24

Check Also

পদ্মায় ডুবল জাহেরার ঋণের নৌকা, নিজে বাঁচলেও স্বামী-সন্তান নিখোঁজ

পদ্মায় ডুবল জাহেরার ঋণের নৌকা, নিজে বাঁচলেও স্বামী-সন্তান নিখোঁজ

উত্তাল পদ্মায় নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন রাজশাহীর শ্যামপুর বালুঘাট এলাকায় কাওসার আলী ও তাঁর ছেলে জিয়ারুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *