Today News 24
ঝিনাইদহে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে সাগরিকা আক্তার বুলবুলি নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী শিমুল হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। রোববার (২৪ মে) ভোররাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সাগরিকা আক্তার বুলবুলি সদর উপজেলার করিমপুর গ্রামের ইন্তাজ আলী বিশ্বাসের মেয়ে। কয়েক বছর আগে একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে শিমুল হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। স্থানীয়দের দাবি, বিয়ের পর থেকেই তাদের সংসারে অশান্তি চলছিল।
পরিবারের সদস্যদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বুলবুলির ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন স্বামী শিমুল। বিভিন্ন সময় বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতেন তিনি। নির্যাতনের কারণে কিছুদিন আগে বুলবুলি বাবার বাড়িতে চলে যান। পরে শিমুল তাকে বুঝিয়ে আবার নিজের বাড়িতে নিয়ে আসেন।
নিহতের বাবা ইন্তাজ আলী বিশ্বাস জানান, গত শনিবার গভীর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে বুলবুলির শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন শিমুল। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাতে তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকেই অভিযুক্ত শিমুল হোসেন আত্মগোপনে রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকারীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।