Today News 24 | আজকের খবর
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) শিক্ষা ও মেধা বৃত্তি নীতিমালা-২০১৭ অনুযায়ী এবার ৭৩১ জন শিক্ষার্থীর মাঝে প্রায় ৯২ লাখ টাকার শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১১ মে) গুলশান-২ নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তির চেক বিতরণ করেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।
Today News 24-কে দেওয়া বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রসারে ডিএনসিসি নিয়মিতভাবে এই বৃত্তি কার্যক্রম পরিচালনা করছে। নিম্ন আয়ের পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শুধু শিক্ষার্থী নয়, অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সন্তানদের সঠিক পরিচর্যা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পরিবারকেও সচেতন হতে হবে।
এসময় বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, বাসাবাড়ি, ফুলের টব, বালতি কিংবা আশপাশে কোথাও পানি জমতে দেওয়া যাবে না। কারণ জমে থাকা পানিই এডিস মশার প্রজননের প্রধান স্থান।
তিনি নাগরিকদের উদ্দেশ্যে বলেন, “শনিবারের অঙ্গীকার, নিজ নিজ বাসা ঘর করি পরিষ্কার”—এই কার্যক্রম সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান জানান, ২০১৭ সালের নীতিমালার আওতায় শিক্ষা বৃত্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত বছরের তুলনায় এবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানও বক্তব্য দেন। তিনি বলেন, একজন শিক্ষার্থীর সফলতার পেছনে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের সঠিক দিকনির্দেশনা ও যত্নই সন্তানদের ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখে।