সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ৮৫৭ কোটি টাকা আত্মসাতের মামলা: এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন নামঞ্জুর
৮৫৭ কোটি টাকা আত্মসাতের মামলা: এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন নামঞ্জুর

৮৫৭ কোটি টাকা আত্মসাতের মামলা: এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুলের জামিন নামঞ্জুর

৮৫৭ কোটি টাকার বেশি ঋণ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের আইনজীবী তরিকুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

এদিন আদালতে নজরুল ইসলাম মজুমদারের পক্ষে আইনজীবী কামরুল ইসলামসহ কয়েকজন জামিনের আবেদন করেন। দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার করে ‘মদিনা ডেটস অ্যান্ড নাটস’ নামে একটি প্রতিষ্ঠানের অনুকূলে নিয়মবহির্ভূতভাবে ঋণ অনুমোদন করেন। ওই ঋণের মাধ্যমে ৮৫৭ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাৎ ও পাচার করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এতে আরও বলা হয়, মামলার অন্য আসামিদের সঙ্গে যোগসাজশে ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সুপারিশ ও বোর্ড মেমোর মাধ্যমে ঋণ অনুমোদন করা হয়। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই, পর্যাপ্ত জামানত ছাড়া এবং ব্যাংকের প্রচলিত নিয়ম উপেক্ষা করে ঋণের অর্থ ছাড় করা হয়। পরে সেই অর্থ আত্মসাৎ ও পাচারে তাঁদের সক্রিয় ভূমিকা ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গত বছরের ১৮ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১–এর সহকারী পরিচালক শাহজাহান মিরাজ বাদী হয়ে নজরুল ইসলাম মজুমদারসহ ২১ জনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এর আগে ২০২৪ সালের ১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে আছেন।

About Editor Todaynews24

Check Also

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে শুনে কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে শুনে কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী

সিরিজটির অনেক অভিনয়শিল্পী জানিয়েছেন, এসব দৃশ্য ধারণের সময় তাঁরা পর্যাপ্ত সহযোগিতা পেয়েছিলেন। তবে এবার ভিন্ন অভিজ্ঞতার কথা জানালেন রুথ জেমেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *