সর্বশেষ খবর
Home / সকল আপডেট / স্মার্টফোন বন্ধ থাকলেও ব্যাটারির চার্জ কমে যায় কেন
স্মার্টফোন বন্ধ থাকলেও ব্যাটারির চার্জ কমে যায় কেন

স্মার্টফোন বন্ধ থাকলেও ব্যাটারির চার্জ কমে যায় কেন

অনেকের ধারণা, স্মার্টফোন বন্ধ করে রাখলে ব্যাটারির চার্জ কমে না। কিন্তু বাস্তবে বিষয়টি ভিন্ন। ফোন পুরোপুরি বন্ধ থাকলেও ব্যাটারির চার্জ ধীরে ধীরে কমতে থাকে। অবশ্য ফোন চালু থাকার তুলনায় এ সময় ব্যাটারির চার্জ কমার হার অনেক কম হয়ে থাকে। কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর ফোন চালু করলে দেখা যায়, আগে ব্যাটারিতে যত শতাংশ চার্জ ছিল, তা আর অবশিষ্ট নেই। এর পেছনে রয়েছে ব্যাটারির স্বাভাবিক রাসায়নিক বৈশিষ্ট্য ও ফোনের কিছু অভ্যন্তরীণ প্রযুক্তিগত ব্যবস্থা।

ফোন বন্ধ থাকলেও যে কারণে চার্জ কমে যায়

ফোন বন্ধ থাকলেও এর সব যন্ত্রাংশ পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায় না। কিছু সার্কিট খুবই সীমিত পরিসরে কাজ চালিয়ে যায়। এর মধ্যে অন্যতম হলো ‘ক্লক অ্যান্ড ওয়েক’ সার্কিট। এটি অতি সামান্য ব্যাটারি ব্যবহার করে, যাতে পাওয়ার বাটন চাপার সঙ্গে সঙ্গে ফোন চালু হতে পারে এবং চালুর পর সময় ও তারিখ দ্রুত নির্ধারণ করা যায়।
তবে ফোন বন্ধ অবস্থায় ব্যাটারির চার্জ কমার প্রধান কারণ এটি নয়। সবচেয়ে বড় কারণ হলো ‘সেলফ–ডিসচার্জ’ বা ব্যাটারির স্বাভাবিক রাসায়নিক ক্ষয়ের প্রক্রিয়া। স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম–আয়ন ব্যাটারির ভেতরে রাসায়নিক বিক্রিয়া অব্যাহত থাকে। এর ফলে ফোন বন্ধ থাকলেও প্রতি মাসে গড়ে ১ থেকে ২ শতাংশ চার্জ কমে যায়। আর ফোন যদি বেশি গরম পরিবেশে রাখা হয়, তাহলে চার্জ কমার হার আরও বেড়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ফোন ব্যবহার না করার পরিকল্পনা থাকলেও ব্যাটারির যত্ন নিতে হবে। পুরোনো ফোন সংরক্ষণের আগে ব্যাটারির চার্জ প্রায় ৫০ শতাংশ রাখতে হবে। পুরোপুরি চার্জ দিয়ে বা চার্জ ছাড়া অবস্থায় ফোন সংরক্ষণ করা যাবে না। দীর্ঘদিন ব্যাটারিতে চার্জ না থাকলে সেটি ‘ডিপ–ডিসচার্জ’ অবস্থায় চলে যেতে পারে। এতে ব্যাটারির অভ্যন্তরীণ তামার কারেন্ট কালেক্টর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। ফলে ব্যাটারির ধারণক্ষমতা স্থায়ীভাবে কমে যেতে পারে।

কয়েক মাস ফোন বন্ধ করে রাখলেই যে ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যাবে, তা নয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফোন স্বাভাবিকভাবে চার্জ দিয়ে আবার ব্যবহার করা যায়। তবে এ ক্ষেত্রে ব্যাটারির ধারণক্ষমতা আগের তুলনায় কিছুটা কমে যেতে পারে।

সূত্র: এনগ্যাজেট

About Editor Todaynews24

Check Also

দেশে ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশে ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয়ভাবে উৎপাদিত হওয়ায় চিকিৎসা সরঞ্জাম দুটি তুলনামূলক কম খরচে বাজারজাত করা সম্ভব হবে, যা স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করতে ভূমিকা রাখবে বলেও সভায় জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *