বিকেলের ক্ষুধায় এক প্যাকেট চিপস, অফিস থেকে ফেরার পথে একটি বার্গার, রাত জেগে কাজ করতে করতে কোমল পানীয় কিংবা সপ্তাহান্তে ভাজাপোড়ার আড্ডা। ব্যস্ত জীবনে এগুলো যেন খুবই স্বাভাবিক অভ্যাস। অনেকেই ভাবেন, একদিন খেলে আর কী হবে। কিন্তু সমস্যাটা তৈরি হয় তখনই, যখন এই খাবারগুলো নীরবে প্রতিদিনের খাদ্যতালিকার অংশ হয়ে যায়।
আমাদের শরীর অনেক সময় কোনো সতর্কবার্তা দেয় না। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে শুরু হতে পারে দীর্ঘমেয়াদি প্রদাহ বা ক্রনিক ইনফ্ল্যামেশন। এই প্রদাহই ধীরে ধীরে হৃদরোগ, টাইপ-২ ডায়াবেটিস, স্ট্রোক, কিডনির জটিলতা এমনকি কিছু ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকার জন্য শুধু ওষুধ নয়, প্রতিদিনের খাবারের প্লেটেও পরিবর্তন আনা জরুরি।
যে খাবারগুলো শরীরের জন্য ক্ষতিকর হতে পারে

প্রতিদিনের খাদ্যতালিকায় কিছু খাবার যতটা সম্ভব কমিয়ে আনার পরামর্শ দেন পুষ্টিবিদরা। এর মধ্যে রয়েছে অতিরিক্ত তেলে ভাজা খাবার, কোমল পানীয়, প্যাকেটজাত চিপস ও স্ন্যাকস, ইনস্ট্যান্ট নুডলস, সসেজ, সালামি ও অন্যান্য প্রক্রিয়াজাত মাংস।
এ ছাড়া অতিরিক্ত চিনি, কেক, পেস্ট্রি, বিস্কুট, ময়দার তৈরি বিভিন্ন খাবার এবং একই তেল বারবার ব্যবহার করে ভাজা খাবারও শরীরে প্রদাহের ঝুঁকি বাড়াতে পারে। এসব খাবারে সাধারণত অতিরিক্ত চিনি, লবণ, ট্রান্স ফ্যাট কিংবা কৃত্রিম উপাদান থাকে, যা নিয়মিত খাওয়ার ফলে শরীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হতে শুরু করে।
রান্নাঘরেই লুকিয়ে আছে সুস্থ থাকার উপায়

প্রদাহ কমাতে দামি কোনো সুপারফুডের প্রয়োজন নেই। আমাদের পরিচিত দেশীয় খাবারই হতে পারে সবচেয়ে বড় সহায়ক।প্রতিদিনের খাবারে বিভিন্ন রঙের শাকসবজি রাখুন। পালংশাক, লালশাক, পুঁইশাক, গাজর, টমেটো, কুমড়া কিংবা মৌসুমি সবজি শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের জোগান দেয়। ফলের মধ্যে আমলকী, পেয়ারা, জাম, আনার, লেবু কিংবা মৌসুমি ফল নিয়মিত খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এগুলো ভিটামিন সি ও অন্যান্য পুষ্টি উপাদানে সমৃদ্ধ, যা শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে।
মাছ, ডাল আর বাদাম রাখুন প্রতিদিনের খাবারে

শরীরের প্রদাহ কমাতে ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইলিশ, সামুদ্রিক মাছ কিংবা দেশীয় ছোট মাছ নিয়মিত খাওয়া যেতে পারে। যারা মাছ কম খান, তারা ডাল, ছোলা, মুগডাল, বিভিন্ন ধরনের বাদাম ও বীজ খাদ্যতালিকায় যোগ করতে পারেন।
রান্নার জন্য পরিমিত পরিমাণে সরিষার তেল বা অলিভ অয়েল ব্যবহার করা ভালো।
মসলাও হতে পারে ওষুধের মতো

আমাদের রান্নাঘরের অনেক পরিচিত মসলার মধ্যেও রয়েছে উপকারী উপাদান।হলুদে থাকা কারকিউমিন, আদার জিঞ্জারল, রসুনের অ্যালিসিন, দারুচিনি ও গোলমরিচের বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ কমাতে সহায়ক বলে বিভিন্ন গবেষণায় দেখা গেছে। বশ্যই এগুলো কোনো রোগের চিকিৎসার বিকল্প নয়। তবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে এগুলো উপকারী।
শুধু খাবার বদলালেই হবে না

অনেকেই মনে করেন, একটি নির্দিষ্ট খাবার খেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাস্তবে বিষয়টি এত সহজ নয়।
সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ঘুম, নিয়মিত হাঁটা বা ব্যায়াম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং ধূমপান থেকে দূরে থাকা সমান গুরুত্বপূর্ণ।
দিনের পর দিন কম ঘুম, অতিরিক্ত মানসিক চাপ কিংবা অলস জীবনযাপনও শরীরে প্রদাহ বাড়িয়ে দিতে পারে।
কেমন হবে একটি স্বাস্থ্যকর খাবারের প্লেট?

পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, প্রতিটি প্রধান খাবারে প্লেটের অর্ধেক অংশজুড়ে রাখুন বিভিন্ন ধরনের শাকসবজি ও সালাদ। বাকি অর্ধেকের এক-চতুর্থাংশে রাখুন লাল চালের ভাত, ব্রাউন রাইস কিংবা আটার রুটির মতো পূর্ণ শস্য।
অন্য এক-চতুর্থাংশে রাখুন মাছ, মুরগি, ডাল বা অন্য কোনো স্বাস্থ্যকর প্রোটিনের উৎস। খাবারের সঙ্গে একটি বাটি চিনিমুক্ত টক দই এবং একটি মৌসুমি ফল যোগ করলে পুষ্টির ভারসাম্য আরও ভালো হয়।
ছোট পরিবর্তনেই বড় লাভ

স্বাস্থ্যকর জীবন শুরু হয় একদিনে নয়, ছোট ছোট অভ্যাস থেকে।
হয়তো প্রতিদিনের কোমল পানীয়ের বদলে এক গ্লাস পানি, বিকেলের চিপসের বদলে এক মুঠো বাদাম, কিংবা সপ্তাহে কয়েক দিন ভাজাপোড়ার বদলে বাড়ির রান্না বেছে নেওয়া।

এসব পরিবর্তন প্রথমে খুব ছোট মনে হতে পারে। কিন্তু বছরের পর বছর ধরে এই ছোট সিদ্ধান্তগুলোই শরীরকে বড় রোগের ঝুঁকি থেকে দূরে রাখতে সাহায্য করে।
সুস্থ থাকার জন্য সব সময় কঠিন কোনো ডায়েটের প্রয়োজন হয় না। দরকার শুধু সচেতন কিছু সিদ্ধান্ত এবং নিজের শরীরের প্রতি একটু বেশি যত্ন।
ছবি: এআই