সর্বশেষ খবর
Home / সকল আপডেট / সীমান্ত পেরিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন নাইজেরিয়ান নাগরিক, আটক করল বিজিবি
সীমান্ত পেরিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন নাইজেরিয়ান নাগরিক, আটক করল বিজিবি

সীমান্ত পেরিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন নাইজেরিয়ান নাগরিক, আটক করল বিজিবি

ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ান এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার রাতে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি ওই এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

আটক ব্যক্তির নাম অস্টিন (৩৯)। তবে আটকের সময় তাঁর কাছ থেকে নাইজেরিয়ার কোনো পাসপোর্ট বা বৈধ কাগজ পায়নি বিজিবি। পরে তাঁকে অবৈধ অনুপ্রবেশ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিজিবি জানায়, ওই ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন। পরে ধাওয়া দিকে তাঁকে আটক করা হয়। আটকের পর তিনি নিজেকে নাইজেরিয়ান নাগরিক পরিচয় দিয়েছেন। তবে তাঁর কাছ থেকে কোনো দেশের ভিসা, পাসপোর্ট কিংবা ভ্রমণের নথি পাওয়া যায়নি। তিনি কবে বাংলাদেশে এসেছেন, কীভাবে এসেছেন—এ বিষয়েও নিশ্চিত তথ্য জানা যায়নি।

বিজিবি–৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, আটক ব্যক্তিকে ভিসা ছাড়া অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ ও ভারতে প্রবেশে চেষ্টার অপরাধে প্রচলিত আইনে বিচার করার জন্য পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বিজিবির অভিযানে আটক নাইজেরিয়ার নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত তিন বছরে ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে সোমালিয়া, নাইজেরিয়া, সুদান, জাম্বিয়াসহ বিভিন্ন দেশের অন্তত ১১ নাগরিককে আটক করেছে বিজিবি।

About Editor Todaynews24

Check Also

কক্সবাজারে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *