সর্বশেষ খবর
Home / সকল আপডেট / সাপের কামড়ে মারা গিয়েছিল শাবকটি, এবার অসুস্থ হয়ে মা হাতি নূরীর মৃত্যু
সাপের কামড়ে মারা গিয়েছিল শাবকটি, এবার অসুস্থ হয়ে মা হাতি নূরীর মৃত্যু

সাপের কামড়ে মারা গিয়েছিল শাবকটি, এবার অসুস্থ হয়ে মা হাতি নূরীর মৃত্যু

মৌলভীবাজারের জুড়ীতে গহিন অরণ্যে অসুস্থ হয়ে পাহাড়ি ছড়ায় পড়ে নূরী নামের একটি পোষা হাতির মৃত্যু হয়েছে। ১৮ বছর বয়সী হাতিটি কয়েক দিন ধরে অসুস্থ ছিল। চিকিৎসাধীন অবস্থায় গত রোববার বিকেলে মারা যায় সে। পরে বনের মধ্যে গর্ত করে হাতিটির মরদেহ মাটিচাপা দেওয়া হয়।

নূরীর মালিক জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাছুম রেজা। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি প্রথম আলোকে হাতিটির মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, চার থেকে পাঁচ বছর আগে জঙ্গলে বিষধর সাপের কামড়ে নূরীর সাত মাস বয়সী একটি শাবক মারা যায়।

মাছুম রেজা বলেন, নূরী স্থানীয় হাড়ারগজ সংরক্ষিত বনের লক্ষ্মীছড়া এলাকায় অন্য হাতিদের সঙ্গে বিচরণ করত। সম্প্রতি মাহুতের মাধ্যমে তিনি হাতিটির অসুস্থতার খবর পান। রোগে দ্রুত দুর্বল হয়ে পড়ায় স্বাভাবিকভাবে খাওয়াদাওয়া বন্ধ করে দেয় নূরী। ২ আগস্ট তিনি প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসককে নিয়ে হাতিটির কাছে যান। চিকিৎসা চলার পরদিন বিকেলেই নূরী মারা যায়।

হাতিটির চিকিৎসা করেছেন জুড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মৃদুল কান্তি দে। তিনি জানান, নূরী গলাফোলা রোগে আক্রান্ত ছিল। এটির শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং কয়েক দিন ধরে জ্বরও ছিল। খাবারও খেতে পারছিল না। প্রাথমিকভাবে এটিকে স্যালাইন ও ইনজেকশন দেওয়া হয়। তবে ছড়ায় পড়ে যাওয়ায় চিকিৎসাসেবা ব্যাহত হয়। হাতিটিকে দাঁড় করানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করেও সফল হওয়া যায়নি।

জুড়ীর বিভিন্ন বনাঞ্চলে একাধিক পোষা হাতি বিচরণ করে। এসব হাতির মালিকদের অনেকেরই বন বিভাগের লাইসেন্স আছে বলে জানান বন বিভাগের জুড়ী রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন। তিনি বলেন, শৈশবেই হাতিগুলোকে সনাতন ‘হাদানি’ পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে পাহাড়ি দুর্গম এলাকায় গাছ টানা, সার্কাস ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এসব হাতি ভাড়ায় ব্যবহার করা হয়।

নূরী মারা গেলেও এটির ৩৮ বছর বয়সী মা নূরজাহান এবং ৭ বছর বয়সী ভাই নূর বাহাদুর নামের দুটি হাতি আছে। নূরীর একটি শাবকও ছিল। চার থেকে পাঁচ বছর আগে জঙ্গলে বিষধর সাপের কামড়ে সাত মাস বয়সী ওই শাবক মারা যায় বলে জানান মাছুম রেজা।

বন কর্মকর্তা সাদ উদ্দিন জানান, নূরীর মৃত্যুর ঘটনায় ৩ আগস্ট জুড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

About Editor Todaynews24

Check Also

মারা গেলেন মেসির বাবা হোর্হে 

আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। একাধিক আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বরাতে এ খবর নিশ্চিত করেছে স্প্যানিশ গণমাধ্যম গোলডটকম ও পাকিস্তানের নিউজ ইন্টারন্যাশনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *