রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে দুটি সন্দেহজনক ব্যাগ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। সাময়িকভাবে স্টেশন দুটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। মেট্রোরেল এই স্টেশন দুটিতে থামছে না।
আজ শনিবার দুপুর ১২টার দিকে ব্যাগ দুটি পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট কাজ করছে।
পুলিশ বলছে, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের দ্বিতীয় তলায় একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পান কয়েকজন। একই সময়ে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচতলায় একটি পিলারের পাশে আরেকটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখা যায়।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষ জানানোর পর পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
ওসি হাফিজুর রহমান আরও বলেন, ব্যাগটিতে বিস্ফোরক রয়েছে কি না, পরীক্ষা-নিরীক্ষা করার পরই নিশ্চিত হওয়া যাবে।

তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পিলারের পাশে সন্দেহজনক একটি বস্তা পাওয়া গেছে। সেটিও পরীক্ষা–নিরীক্ষা করতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।