
ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ও বিকাশ যৌথভাবে বিকাশ অ্যাপে দেশের প্রথম ডিজিটাল এফডিআর সেবা চালু করেছে।
এখন থেকে বিকাশ গ্রাহকেরা কোনো ব্যাংক শাখায় না গিয়ে এবং কাগজপত্র জমা না দিয়েই সরাসরি বিকাশ অ্যাপ থেকে তাৎক্ষণিকভাবে ইবিএল এফডিআর খুলতে পারবেন।
এই উদ্যোগের উদ্দেশ্য হলো নির্ভরযোগ্য সঞ্চয়সেবা আরও সহজলভ্য করার মাধ্যমে মফস্সল ও গ্রামীণ জনগোষ্ঠীসহ মানুষকে একটি শীর্ষস্থানীয় ব্যাংকে সুবিধাজনকভাবে সঞ্চয় করতে সহায়তা প্রদান। বিকাশ ও ইবিএলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কী সুবিধা আছে
সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, বিকাশ গ্রাহকেরা ইবিএলে ১০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত ৬ মাস ও ১২ মাস মেয়াদি এফডিআর খুলতে পারবেন। এতে স্বয়ংক্রিয় নবায়নের (অটোরিনিউয়াল) সুবিধাও থাকবে এবং গ্রাহকেরা নির্ধারিত সময় অন্তর তাদের বিকাশ হিসাবে মুনাফা পেয়ে যাবেন। এ ছাড়া তারা বিকাশ অ্যাপ থেকেই ডিজিটাল রসিদ ডাউনলোড ও সংরক্ষণ করতে পারবেন।
গতকাল বুধবার রাজধানীতে ইবিএলের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে যৌথভাবে এ সেবার ঘোষণা দেন ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম খোরশেদ আনোয়ার এবং বিকাশ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার বলেন, ‘বিকাশ অ্যাপে ইবিএল ডিপিএস সেবা সফলভাবে চালুর পর আমরা প্রথম ব্যাংক হিসেবে বিকাশ অ্যাপে ফিক্সড ডিপোজিট সেবা চালুর উদ্যোগ নিয়েছি। এখন দেশের যেকোনো প্রান্তের মানুষ নিজেদের সুবিধামতো বিকাশ অ্যাপ থেকেই ইবিএল ফিক্সড ডিপোজিট খুলতে পারবেন।’
বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ বলেন, ব্যাংক ও বিকাশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা সারা দেশের মানুষের জন্য আরও সহজলভ্য, উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবা প্রদানের সুযোগ সৃষ্টি করছে।