সর্বশেষ খবর
Home / সকল আপডেট / পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার নবজাতক পেল মা-বাবা
পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার নবজাতক পেল মা-বাবা

পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার নবজাতক পেল মা-বাবা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া এক নবজাতক (মেয়ে) পেয়েছে মা-বাবা আর নতুন ঠিকানা। বিভিন্ন আইনগত প্রক্রিয়া শেষে শিশুটি স্থানীয় এক অটোরিকশাচালক ও তাঁর স্ত্রীর জিম্মায় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় ‘মায়া সংঘ’ নামক একটি সামাজিক সংগঠন অনুষ্ঠান করে গতকাল শুক্রবার শিশুটিকে হস্তান্তর করে।

স্থানীয় সূত্র জানায়, ১৫ জুলাই ভোরে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোনাখালী এলাকা থেকে পলিথিনে মোড়ানো নবজাতকটিকে উদ্ধার করে ওই অটোরিকশাচালকের পরিবার। এরপর শিশুটিকে তাঁরা চিকিৎসক ডেকে প্রাথমিক চিকিৎসা করান।

সামাজিক সংগঠন ‘মায়া সংঘের’ সভাপতি গিয়াস উদ্দীন আকবর চৌধুরী বলেন, শিশুটিকে যারা উদ্ধার করেছিল, সেই পরিবারটিই তাকে লালন–পালনে আগ্রহ দেখায়। এ ব্যাপারে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন আইনি প্রক্রিয়া অনুসরণ করে শিশুটিকে আনুষ্ঠানিকভাবে নতুন বাবা-মায়ের কাছে তাঁরা হস্তান্তর করেন।

জানতে চাইলে শিশুটিকে জিম্মায় নেওয়া অটোরিকশাচালক ও তাঁর স্ত্রী বলেন, ‘প্রায় দুই সপ্তাহ ধরে আমরা শিশুটিকে লালন–পালন করে তার মায়ায় পড়েছি। তাই তাকে ছাড়তে মন চাইছিল না।’

ওই দম্পতির পাঁচ মাস বয়সী একটি ছেলেসন্তান আছে বলে জানা গেছে। এতে করে নবজাতক লালন–পালন করতে অসুবিধা হচ্ছে না তাঁদের।

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন বলেন, ‘ওই শিশুর বিষয়ে আমাকে অবহিত করা হলে আমি ইউএনও ও সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দিই।’

About Editor Todaynews24

Check Also

আগস্ট-সেপ্টেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ

আসছে আগস্ট ও সেপ্টেম্বর দুই মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২৩ দিন বন্ধ থাকবে। ফলে দুই মাসে শ্রেণি কার্যক্রম চলবে মাত্র ৩৮ দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *