‘ব্যক্তিগত’ কারণে দায়িত্ব পালনে অপারগতার কথা উল্লেখ করে মো. মাহফুজুর রহমান নামের এক সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগপত্র দিয়েছেন।
আইনমন্ত্রী বরাবর লেখা পদত্যাগপত্রটি আজ সোমবার সকালে সিলিসিটর কার্যালয়ে জমা দিয়েছেন বলে জানিয়েছেন মাহফুজুর রহমান।
গত ৩০ জুলাই ১৭৯ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ দেওয়া হয়। তাঁদের মধ্যে মাহফুজুর রহমানও ছিলেন। নিয়োগের চার দিনের মাথায় আজ তিনি পদত্যাগপত্র দিলেন।
পদত্যাগপত্রে মাহফুজুর রহমান উল্লেখ করেছেন, তিনি ব্যক্তিগত কারণে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালনে অপারগ। এ অবস্থায় তিনি আজ (৩ আগস্ট) সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন। পদত্যাগপত্রটি গ্রহণ করে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন তিনি।
গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) পদে এবং ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ দেওয়া হয়।
এর আগে বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে এই নিয়োগ দেওয়া হয়। আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ ৩০ জুলাই পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানায়।