সর্বশেষ খবর
Home / সকল আপডেট / টমি হিলফিগারের নতুন ডেনিম ক্যাম্পেইনে এবার বেকহ্যামপুত্র রোমিও
টমি হিলফিগারের নতুন ডেনিম ক্যাম্পেইনে এবার বেকহ্যামপুত্র রোমিও

টমি হিলফিগারের নতুন ডেনিম ক্যাম্পেইনে এবার বেকহ্যামপুত্র রোমিও

শরৎ-শীত ২০২৬ মৌসুমের জন্য নতুন ডেনিম ক্যাম্পেইন ‘অলওয়েজ ডেনিম’ শিরোনামের নতুন কালেকশন লঞ্চ করেছে টমি হিলফিগার। এতে ব্র্যান্ডটির মুখ হয়েছেন সাবেক ইংলিশ ক্যাপটেন ডেভিড বেকহ্যামের মডেলপুত্র রোমিও বেকহ্যাম। নতুন চারটি ডেনিম ফিটের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে চিরায়ত ডেনিমের আবেদন নতুনভাবে তুলে ধরছে প্রতিষ্ঠানটি।

বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড টমি হিলফিগার শরৎ-শীত ২০২৬ মৌসুমের জন্য ‘অলওয়েজ ডেনিম’ শিরোনামে নতুন বৈশ্বিক প্রচারণা শুরু করেছে। এই ক্যাম্পেইনের মুখ হয়েছেন মডেল রোমিও বেকহ্যাম। ডেভিড বেকহ্যাম ও ভিক্টোরিয়া বেকহ্যামের দ্বিতীয় পুত্র বেকহ্যাম মডেল হিসেবে এরই মধ্যে একটা অবস্থান তৈরি করেছেন। তাঁর সঙ্গে আছেন ডাচ সুপারমডেল ইয়াসমিন উইজনালডাম। নিউইয়র্কের ঐতিহ্যবাহী দ্য মার্ক হোটেলে ক্যাম্পেইনের ফটোশুট হয়েছে।

টমি হিলফিগারের নতুন ডেনিম ক্যাম্পেইনে রোমিও বেকহ্যাম (বসা–বাঁ থেকে তৃতীয়) ও ডাচ সুপারমডেল ইয়াসমিন উইজনালডাম (বাঁ থেকে চতুর্থ)

নতুন ক্যাম্পেইনে ডেনিমকে শুধু একটি পোশাক নয়, বরং ব্যক্তিত্ব প্রকাশের অন্যতম মাধ্যম হিসেবে তুলে ধরা হয়েছে। এ উপলক্ষে পুরুষ ও নারীদের জন্য দুটি করে নতুন ডেনিম ফিট বাজারে এনেছে ব্র্যান্ডটি। পুরুষদের জন্য রয়েছে নব্বই দশকের অনুপ্রেরণায় তৈরি ব্যাগি ‘থিও’ এবং স্ট্রেইট-লেগ ‘ডোভার’। অন্যদিকে নারীদের জন্য আছে হাই-ওয়েস্ট ‘সারাহ’ ও লো-রাইজ ‘ডেইজি’।

টমি হিলফিগার বলেন, ‘ডেনিম সব সময় আমার কাছে আত্মপ্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। কৈশোরে আমি নিউইয়র্কে গিয়ে জিনস কিনতাম, নিজের মতো করে পরিবর্তন করতাম এবং গাড়ির ট্রাঙ্ক থেকে বিক্রি করতাম। সময়ের সঙ্গে ডেনিমের ধরন বদলেছে, কিন্তু এর আবেদন কখনো কমেনি। নতুন প্রজন্ম কীভাবে এই ক্ল্যাসিককে নিজেদের মতো করে নতুন অর্থ দিচ্ছে, সেটিই এই ক্যাম্পেইনের মূল বার্তা।’

রোমিও ও অন্যরা

এই প্রচারণা এসেছে এমন এক সময়ে, যখন মূল প্রতিষ্ঠান পিভিএইচ করপোরেশন ডেনিমকে তাদের অন্যতম কৌশলগত পণ্য বিভাগ হিসেবে আরও শক্তিশালী করছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, কেলভিন ক্লেইনে ডেনিম ও আন্ডারওয়্যার এবং টমি হিলফিগারে সোয়েটার ও আউটারওয়্যারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ২০২৬ সালে বিপণন ব্যয় বাড়িয়ে বিক্রয়ের প্রায় ৬ শতাংশে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

রোমিও বেকহ্যাম বলেন, ‘ডেনিম পরার কোনো নির্দিষ্ট নিয়ম নেই—এটাই এর সবচেয়ে বড় সৌন্দর্য। একদিন লেদার জ্যাকেটের সঙ্গে, আরেক দিন সাধারণ সাদা টি-শার্টের সঙ্গে ডেনিম পরতে ভালো লাগে। রক, প্রেপি কিংবা ভিনটেজ—যেকোনো স্টাইল থেকেই অনুপ্রেরণা নেওয়া যায়। টমি হিলফিগারের ডেনিম আমার জীবনের অংশ ছিল অনেক দিন ধরেই, আর সেটি এখনো প্রাসঙ্গিক, কারণ প্রত্যেকে নিজের মতো করে এটিকে পরতে পারে।’

রোমিও বেকহ্যাম ও ইয়াসমিন উইজনালডাম

টমি হিলফিগারের ফল/উইন্টার২০২৬ ডেনিম সংগ্রহ মৌসুমজুড়ে ব্র্যান্ডটির নিজস্ব ওয়েবসাইট, নির্বাচিত টমি হিলফিগার স্টোর এবং অনুমোদিত খুচরা বিক্রয় অংশীদারদের মাধ্যমে পাওয়া যাবে।

তথ্য: ফ্যাশন ইউনাইটেড

ছবি: ইন্সটাগ্রাম

About Editor Todaynews24

Check Also

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

কোদাল হাতে জয়া আহসানের যে ভিডিওতে মুগ্ধ ভক্তরা

জয়ার এই স্বাভাবিক জীবনযাপন মুগ্ধ করেছে ফেসবুক অনুসারীদের। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘সবাই এখন তোমার দেখাদেখি মাঠে নেমে পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *