সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ডিবি পরিচয়ে ১৮ লাখ টাকা ছিনতাই, মাইক্রোবাসে ঘোরানোর পর ব্যবসায়ীকে ফেলা হয় সেতুর নিচে
ডিবি পরিচয়ে ১৮ লাখ টাকা ছিনতাই, মাইক্রোবাসে ঘোরানোর পর ব্যবসায়ীকে ফেলা হয় সেতুর নিচে

ডিবি পরিচয়ে ১৮ লাখ টাকা ছিনতাই, মাইক্রোবাসে ঘোরানোর পর ব্যবসায়ীকে ফেলা হয় সেতুর নিচে

নারায়ণগঞ্জের বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৮ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। তবে এ ঘটনায় আজ শনিবার সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

গতকাল শুক্রবার বিকেলে ভুক্তভোগী ব্যবসায়ী আলতাফ হোসেন বাদী হয়ে বন্দর থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে বন্দর উপজেলার ঢাকেশ্বরী কবরস্থানের সামনে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

মামলার এজাহার থেকে জানা যায়, আলতাফ হোসেন তাঁর ছোট ভাই শাহাদাত হোসেনের কাগজের ব্যবসার ব্যাংকিং লেনদেনের দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার বিকেলে তিনি মদনপুরের ডাচ্-বাংলা ব্যাংকের একটি শাখা থেকে শেখ ফারাজ পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের একটি চেকের বিপরীতে ১৬ লাখ ৫০ হাজার টাকা তোলেন। তাঁর সঙ্গে থাকা আরও দেড় লাখ টাকাসহ মোট ১৮ লাখ টাকা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ির উদ্দেশে রওনা হন।

ঢাকেশ্বরী কবরস্থানের সামনে নেমে হেঁটে যাওয়ার সময় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের পোশাকসদৃশ কোটি পরা তিন থেকে চারজন আলতাফের পথ রোধ করেন। তাঁরা নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়ে আলতাফ হোসেনের নামে মামলা আছে বলে দাবি করেন। তিনি প্রতিবাদ করলে তাঁকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।

পরে আলতাফ হোসেনকে হাত, পা ও চোখ বেঁধে হাতকড়া পরিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তাঁর ব্যাগে থাকা ১৮ লাখ টাকা, জাতীয় পরিচয়পত্র ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। ৪০ থেকে ৪৫ মিনিট বিভিন্ন স্থানে ঘোরানোর পর সোনারগাঁ উপজেলার দড়িকান্দি এলাকায় লাঙ্গলবন্দ সেতুর নিচে তাঁকে ফেলে রেখে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান।

জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুট হওয়া টাকা উদ্ধারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

এক প্রবাসীর পাসপোর্ট ও টিকিটের সঙ্গে অর্থও লুট

বন্দর এলাকাতেই সৌদি আরবগামী এক প্রবাসীকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে মারধরের পর নগদ অর্থ, পাসপোর্ট, ফ্লাইটের টিকিট, মুঠোফোনসহ মালামাল লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বিকেলে বন্দর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রকিবুল হাসান নামের এক ব্যক্তি।

রকিবুল বন্দর উপজেলার পশ্চিম হাজীপুর এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত।

অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার ভোর সোয়া চারটার দিকে সৌদি আরবের উদ্দেশে বাড়ি থেকে বের হন রকিবুল। তিনি পশ্চিম হাজীপুর জামে মসজিদের সামনে আগে থেকে ভাড়া করা গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিনজন এসে তাঁকে ও তাঁর স্বজনদের আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করেন। পরে তাঁদের মারধর করে বিদেশগামী পাসপোর্ট, টিকিট, প্রয়োজনীয় মালামালসহ ট্রাভেল ব্যাগ, ৯০০ সৌদি রিয়াল, ২ হাজার ৫০০ টাকা, একটি নাকফুল ও ৩টি অ্যান্ড্রয়েড মুঠোফোন ছিনিয়ে নেন।

বন্দর থানার ওসি জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

About Editor Todaynews24

Check Also

মরক্কো থেকে স্পেনের সেউতায় নাটকীয় যাত্রার পর কী বলছেন অভিবাসীরা

মরক্কো থেকে স্পেনের সেউতায় নাটকীয় যাত্রার পর কী বলছেন অভিবাসীরা

ভিডিও ফুটেজে দেখা গেছে, মানুষ সীমানাপ্রাচীরের চারপাশ দিয়ে সাঁতরে ছিটমহলে ঢুকছেন, যাঁদের কয়েকজনের পরনে ছিল সাঁতারের পোশাক। অনেকে এ জন্য লাইফ রিং ব্যবহার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *