জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ ‘ধূসর পাণ্ডুলিপি’ নিয়ে পাঠচক্রের আসর করেছে শাবিপ্রবি বন্ধুসভা। ৩ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রে জীবনানন্দ দাশের ‘ধূসর পাণ্ডুলিপি’ কাব্যগ্রন্থের বিষয়বস্তু, কাব্যভাষা, প্রকৃতিচেতনা, নিঃসঙ্গতা, নাগরিক জীবনের সংকট এবং কবির স্বতন্ত্র কাব্যদর্শন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বইটির বিভিন্ন কবিতা পাঠ ও সেগুলোর অন্তর্নিহিত ভাব, প্রতীক ও চিত্রকল্প নিয়ে অংশগ্রহণকারীরা মতামত দেন।
বন্ধুরা বলেন, জীবনানন্দ দাশ বাংলা কবিতায় আধুনিকতার এক স্বতন্ত্র ধারা নির্মাণ করেছেন। ‘ধূসর পাণ্ডুলিপি’তে তাঁর ব্যক্তিমানস, নিঃসঙ্গতা, প্রকৃতির প্রতি গভীর অনুরাগ এবং সময় ও সমাজসচেতনতার যে প্রকাশ ঘটেছে, তা বাংলা আধুনিক কবিতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শিক্ষার্থীদের মধ্যে সাহিত্যপাঠের অভ্যাস গড়ে তোলা, বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ রচনাগুলো সম্পর্কে গভীরতর অনুধাবন তৈরি এবং পারস্পরিক মতবিনিময়ের সুযোগ সৃষ্টি করাই এ ধরনের পাঠচক্র আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে জানান বন্ধুসভার বন্ধুরা।