সর্বশেষ খবর
Home / সকল আপডেট / চুক্তিতে থেকেও জাতীয় দলের ডাক ফিরিয়ে দিলেন আলজারি জোসেফ
চুক্তিতে থেকেও জাতীয় দলের ডাক ফিরিয়ে দিলেন আলজারি জোসেফ

চুক্তিতে থেকেও জাতীয় দলের ডাক ফিরিয়ে দিলেন আলজারি জোসেফ

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যক্তিগত কারণে খেলবেন না পেসার আলজারি জোসেফ। দল ঘোষণার সময় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছিল।

তবে টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি জানিয়েছেন, এই পেসার দলের ডাক প্রত্যাখ্যান করেছেন। টিম ম্যানেজমেন্টে তাঁকে দলে নিতে চাইলেও তিনি খেলতে অস্বীকৃতি জানিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে কোনো নির্দিষ্ট সিরিজ থেকে খেলোয়াড়দের নাম সরিয়ে নেওয়া অবশ্য নতুন কিছু নয়। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার জন্য একই সময়ে জাতীয় দলের ম্যাচ এড়িয়ে যান তাঁরা। সাধারণত এসব ক্রিকেটার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লুআই) চুক্তিবদ্ধ নন। যে কারণে ‘খেলব না’ বললে বোর্ডের তেমন কিছু করার থাকে না।

ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন স্যামি

তবে ২৯ বছর বয়সী আলজারির বিষয়টি ভিন্ন। অ্যান্টিগার এই পেসার বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড়। এমন পরিস্থিতিতে দলের চাওয়া সত্ত্বেও খেলতে না চাওয়ার সিদ্ধান্ত বোর্ড ইতিবাচকভাবে নেওয়ার কথা নয়। আলজারির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না এবং নিলে সেটা কী হতে পারে প্রশ্ন করলে কোচ ড্যারেন স্যামি বলেছেন, ‘এ ধরনের বিষয় আমার এখতিয়ারের বাইরে। চুক্তিভুক্ত খেলোয়াড়ে কীভাবে দলের ডাক প্রত্যাখ্যান করার সুযোগ পান, সে বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, তা বোর্ডের পরিচালকদের ওপরই ছেড়ে দিচ্ছি।’

আলজারির না থাকা যে দলের জন্য ক্ষতি সে কথাও বলেছেন স্যামি, ‘এটা দলের জন্য বড় ক্ষতি। জোসেফ খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, এটাই সত্য। ওকে স্কোয়াডে রাখা হয়েছিল। জোসেফ কিছুদিন আগে চোট থেকে ফিরেছে। তবে পরবর্তী সময়ে কিছু কারণে ও খেলতে অস্বীকৃতি জানিয়েছে।’

গত জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি টেস্টেই খেলেছিলেন আলজারি জোসেফ। সেই সিরিজে দুই টেস্টে নেন ৬ উইকেট। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে চড়িয়েছেন তিনি।

আলজারির অবর্তমানে পাকিস্তান সিরিজে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং আক্রমণ সামলাবেন শামার জোসেফ, কেমার রোচ, জেইডেন সিলস এবং দুই অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ও কিমো পল। স্পিন বিভাগে রয়েছেন জোমেল ওয়ারিক্যান, নতুন মুখ জশুয়া বিশপ এবং অধিনায়ক রোস্টন চেজ।

পাকিস্তানের বিপক্ষে এই বোলিং আক্রমণ কেমন করবে, এই প্রশ্নে স্যামি বলেছেন, ‘আমাদের বোলিং আক্রমণ ২০ উইকেট নিতে সক্ষম। টেস্ট জেতার জন্য এটিই মূল শর্ত। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজে আমরা এর প্রমাণ দেখেছি। বল হাতে আমরা তাদের সমকক্ষ ছিলাম। পাশাপাশি ব্যাটসম্যানদের কঠোর পরিশ্রমের ইতিবাচক ফল দেখা গেছে শ্রীলঙ্কা সিরিজে, যেখানে খেলায় বেশ ধারাবাহিকতা এসেছে। ব্যাটসম্যানরা রান করার পাশাপাশি এই বোলিং আক্রমণ ভালো করলে যেকোনো টেস্টেই জয় সম্ভব।’

কাল ত্রিনিদাদে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। এরপর পোর্ট অব স্পেনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২ আগস্ট।

About Editor Todaynews24

Check Also

অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মেসি!

লিওনেল মেসি তার ভবিষ্যৎ পরিকল্পনা না জানালেও আর্জেন্টিনার জার্সিতে তিনি যে শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন, তা প্রায় নিশ্চিত। ৩৯ বছর বয়সী মেসি বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠে নিজের ক্যারিশমা দেখিয়ে যাচ্ছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *