সর্বশেষ খবর
Home / সকল আপডেট / চাঁদের বুকে আছড়ে পড়েছে স্পেসএক্সের নভোযান, এরপর যা হলো
চাঁদের বুকে আছড়ে পড়েছে স্পেসএক্সের নভোযান, এরপর যা হলো

চাঁদের বুকে আছড়ে পড়েছে স্পেসএক্সের নভোযান, এরপর যা হলো

শব্দের চেয়ে সাত গুণ বেশি গতিতে ছুটলে কোনো কিছুর পরিণতি কী হতে পারে? আর সেই ছুটে চলা বস্তুটা যদি হয় কয়েক হাজার কেজি ওজনের আস্ত একটি রকেট, তবে ধাক্কাটা কেমন হবে ভাবুন। ঠিক এমন ঘটনাই ঘটেছে চাঁদে। স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটের একটি অংশ প্রচণ্ড বেগে আছড়ে পড়েছে চাঁদের বুকে। এই ঘটনার পরপরই বিজ্ঞানীদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে, ধাক্কা খাওয়ার পর চাঁদের ওই জায়গাটায় ঠিক কী হয়েছে? বিষয়টা দেখার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।

স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটগুলো যখন নিজেদের কাজ শেষ করে পৃথিবীতে ফিরে আসে, তখন তাদের সেই নিখুঁত ল্যান্ডিংয়ের দৃশ্য আপনি হয়তো অনেকবারই দেখেছেন। কিন্তু রকেটের যে ওপরের অংশটি বা আপার স্টেজ থাকে, যার ওজন প্রায় ৪ হাজার কেজি, সেটির পৃথিবীতে ফিরে আসার কোনো প্রযুক্তি নেই। সাধারণত মহাকাশে মিশন শেষ হওয়ার পর পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে এটি নিজে থেকেই পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা।

সৌরজগতের নানা মহাজাগতিক কার্যকলাপ ও মহাকর্ষ বলের প্রভাবে রকেটটি ধীরে ধীরে আপন কক্ষপথ থেকে ছিটকে চাঁদের দিকেই ধেয়ে যেতে শুরু করে।

কিন্তু এই নির্দিষ্ট রকেটটির ক্ষেত্রে তা সম্ভব হয়নি। ২০২৫ সালের জানুয়ারিতে ফায়ারফ্লাই অ্যারোস্পেসের ব্লু ঘোস্ট এবং টোকিওর প্রতিষ্ঠান আইস্পেসের রেজিলিয়েন্স নামে দুটি ল্যান্ডারকে চাঁদের কক্ষপথে পৌঁছে দেওয়ার কাজ ছিল। এত দূরের পথ পাড়ি দিতে গিয়ে রকেটটির আপার স্টেজের প্রায় সব জ্বালানি ফুরিয়ে যায়। ফলে এটি আর পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসার মতো শক্তি পায়নি। স্পেসএক্সের ড্রাগন প্রোগ্রামের পরিচালক জুলিয়ানা শাইম্যান জানিয়েছেন, নিয়ম মেনে তারা রকেটটিকে মহাকাশের একটি নিরাপদ জায়গায় রাখার কৌশল নিয়েছিলেন। কিন্তু মহাকাশের হিসাব-নিকাশ তো আর সব সময় মানুষের কথায় চলে না! সৌরজগতের নানা মহাজাগতিক কার্যকলাপ ও মহাকর্ষ বলের প্রভাবে রকেটটি ধীরে ধীরে আপন কক্ষপথ থেকে ছিটকে চাঁদের দিকেই ধেয়ে যেতে শুরু করে।

স্থানীয় সময় ৫ আগস্ট ঘণ্টায় প্রায় ৮ হাজার ৬৯০ কিলোমিটার গতিতে সেটি চাঁদের বুকে আছড়ে পড়ে। বিজ্ঞানীদের হিসাবে, এই প্রচণ্ড ধাক্কায় চাঁদের মাটিতে হয়তো ৮৯ ফুট চওড়া গর্ত তৈরি হয়েছে।

এখন সবার নজর ওই গর্তটির দিকে। নাসার লুনার রিকনাইসেন্স অরবিটার এবং দক্ষিণ কোরিয়ার কোরিয়া পাথফাইন্ডার লুনার অরবিটারে থাকা নাসার বিশেষ ক্যামেরা ‘শ্যাডোক্যাম’ এখন ওই এলাকার ছবি তোলার চেষ্টা করছে। তবে নাসার মুখপাত্র রব গার্নার জানিয়েছেন, ছবি পেতে কয়েক দিন সময় লাগবে। কারণ আলোর অবস্থা, অরবিটারগুলোর অবস্থান—সবকিছুর ওপর নির্ভর করছে পরিষ্কার ছবি পাওয়ার বিষয়টি।

স্থানীয় সময় ৫ আগস্ট ঘণ্টায় প্রায় ৮ হাজার ৬৯০ কিলোমিটার গতিতে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটটি চাঁদের বুকে আছড়ে পড়ে।

মজার ব্যাপার হলো, রকেটটি চাঁদের এমন একটি অংশে আছড়ে পড়েছে, যেখানে তখন সরাসরি সূর্যের আলো পড়ছিল। চারপাশ এতই উজ্জ্বল ছিল যে পৃথিবী থেকে সাধারণ টেলিস্কোপ দিয়ে এই দৃশ্য দেখা সহজ ছিল না। তা সত্ত্বেও বিজ্ঞানীরা কিন্তু একেবারে খালি হাতে ফেরেননি। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত লোয়েল অবজারভেটরির বিজ্ঞানীরা জানিয়েছেন, ধাক্কা খাওয়ার পরপরই তারা চাঁদের ওই জায়গাটিতে সোডিয়াম ও লিথিয়াম গ্যাসের একটি বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়েছেন। কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়া এই ধোঁয়া অন্তত ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল।

স্পেসএক্সের রকেটটির এভাবে চাঁদে আছড়ে পড়ার কথা ছিল না, এটা সত্যি। কিন্তু বিজ্ঞানীরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকেই এখন এক দারুণ সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছেন। লস আলামস ন্যাশনাল ল্যাবরেটরির গবেষকেরা জানিয়েছেন, এই ঘটনার খুঁটিনাটি বিশ্লেষণ করে তারা ভবিষ্যতে চাঁদে কৃত্রিম বস্তুর পতন সম্পর্কে অনেক মূল্যবান তথ্য পাবেন। সামনে যখন মানুষ চাঁদে বসতি গড়বে বা বড় বড় স্থাপনা তৈরি করবে, তখন মহাকাশের ভাসমান আবর্জনা থেকে তাদের বাঁচাতে এই অভিজ্ঞতা বিজ্ঞানীদের দারুণভাবে সাহায্য করবে।

আপাতত আমাদের শুধু অপেক্ষা করতে হবে। অরবিটারগুলো হয়তো খুব শিগগিরই চাঁদের বুকে তৈরি হওয়া সেই বিশাল গর্ত ও ধোঁয়ার কুণ্ডলীর পরিষ্কার ছবি আমাদের সামনে নিয়ে আসবে।

সূত্র: স্পেস ডটকম

About Editor Todaynews24

Check Also

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। গণিতের ২৫টি বহুনির্বাচনি প্রশ্ন

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। গণিতের ২৫টি বহুনির্বাচনি প্রশ্ন

প্রাথমিক গণিত: বহুনির্বাচনি প্রশ্নঅধ্যায়–১১. গুণ কোন প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ? ক. যোগ খ. বিয়োগ গ. গুণক ঘ. ভাগ২. ৩৩৫ × ২৬৫ = কত?  ক. ৮৮৭০০ খ. ৮৮৭৭৫ গ. ৮৮৮৭৫ ঘ. ৮৯১১০৩. গুণ্য × গুণক = কোনটি? ক. গুণফল খ. ভাগফল গ. ভাগশেষ ঘ. ক্ষেত্রফল৪. গুণ্য নির্ণয়ের সূত্র কোনটি? ক. গুণ্য = গুণক গুণফল খ. গুণ্য = গুণফল গুণক গ. গুণ্য = গুণফল +…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *