সর্বশেষ খবর
Home / পরিবেশ / চাঁদা তোলার সময় আটক হাতি আদালতের সিদ্ধান্তে ফিরে যাচ্ছে মালিকের কাছে
চাঁদা তোলার সময় আটক হাতি আদালতের সিদ্ধান্তে ফিরে যাচ্ছে মালিকের কাছে

চাঁদা তোলার সময় আটক হাতি আদালতের সিদ্ধান্তে ফিরে যাচ্ছে মালিকের কাছে

ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় চাঁদা এড়াতে গিয়ে ইজিবাইক দুর্ঘটনায় এক শিশুর নিহতের ঘটনায় হাতি ও মাহুতকে  পুলিশে সোপর্দ করেছিলেন এলাকাবাসী। পরদিন মাহুতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। পাশাপাশি হাতিটির বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া যায়, তা জানতে আদালতের দ্বারস্থ হয় বন বিভাগ ও পুলিশ। এক সপ্তাহ পর আজ মঙ্গলবার এক আদেশে আদালত হাতিটিকে তার মালিকের কাছে হস্তান্তরের জন্য নির্দেশ দিয়েছেন।

হাতিটির মালিক দুলাল দেওয়ান নামের একজন ব্যবসায়ী। তিনি নওগাঁ জেলার বাসিন্দা। সার্কাস দলের কাছে হাতিটি ভাড়া দেওয়া হয়। কারাগারে থাকা হাতিটির মাহুত বকুল মিয়া। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামের বাসিন্দা।

হাতিটি বর্তমানে সদরপুর থানা প্রাঙ্গণেই আছে। গত সাত দিন হাতিটি সদরপুর থানা চত্বরে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে। দেখভাল ও পরিচর্যার জন্য ওই হাতির মালিকের পক্ষ থেকে নাজমুল সরদার নামের আরেক মাহুতকে সদরপুর থানায় পাঠানো হয়েছে। তিনি নিয়মিত হাতিটিকে গোসল করানো, খাওয়ানো, সকালে হাতিকে নিয়ে হাঁটাহাঁটি করাসহ সার্বক্ষণিক পরিচর্যার দায়িত্ব পালন করছেন।

তবে হাতির জন্য খাদ্য জোগাড় করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। থানা প্রাঙ্গণে হাতির জন্য স্থায়ীভাবে খাবারের ব্যবস্থা না থাকায় খাদ্যসংকটও দেখা দিয়েছে। স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও হাতির মালিকের সহযোগিতায় খাবারের ব্যবস্থা করা হলেও তা সব সময় পর্যাপ্ত ছিল না।

থানায় অবস্থানকালে হাতিটি প্রায়ই মাহুতদের সঙ্গে থানা চত্বরে হেঁটে বেড়ায়। এটি দেখতে প্রতিদিন উৎসুক মানুষের ভিড় জমে। অনেকেই মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। স্থানীয় লোকজনের কাছে এটি যেন অপ্রত্যাশিত এক আকর্ষণে পরিণত হয়েছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আল মামুন শাহ বলেন, ‘মঙ্গলবার বিকেলে আদালতের সিদ্ধান্ত জানতে পেরেছি। আদালত হাতিটিকে তাঁর মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার আদেশ নিয়েছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষ করে হাতিটি মালিকের কাছে হস্তান্তর করা হবে।’

২৮ জুলাই দুপুরে সদরপুর উপজেলার আটরশি এলাকায় হাতি নিয়ে সড়কে চাঁদা তোলার সময় চাঁদা এড়াতে গিয়ে ব্যাটারিচালিত একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মায়ের সঙ্গে থাকা ১০ মাস বয়সী আরিশা জান্নাত নামের একটি শিশু গুরুতর আহত হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন হাতির মাহুতকে পিটুনি দেন এবং হাতিটিকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহুতকে আটক এবং হাতিটিকে জব্দ করে সদরপুর থানায় নিয়ে আসে।

About Editor Todaynews24

Check Also

মোহনীয় রূপের রাজঘণ্টা

মোহনীয় রূপের রাজঘণ্টা

রাজঘণ্টা একটি বহুবর্ষজীবী গুল্ম বা ছোট আকৃতির বৃক্ষ। এটি সাধারণত ৩ থেকে ৫ মিটার পর্যন্ত লম্বা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *