মিলানের রাস্তায় আজ যেন ফুটবলপ্রেমীদের ঢল নেমেছিল। এসি মিলানের কিংবদন্তি ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসিকে শেষবিদায় জানাতে হাজির হয়েছিলেন হাজারো ভক্ত। ৬৬ বছর বয়সে অসুস্থতার কারণে গত সপ্তাহে শেষনিশ্বাস ত্যাগ করেন ইতালির এই ফুটবল মহানায়ক।
মিলানের সান্তামব্রোজিও ক্যাথেড্রালে অনুষ্ঠিত শেষকৃত্যে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন পাওলো মালদিনি, মার্কো ফন বাস্তেন, ক্লারেন্স সিডর্ফ, রবার্তো বাজ্জো ও আলেসান্দ্রো কোস্তাকুর্তার মতো ক্লাবটির কিংবদন্তিরা। মিলানের মূল দল প্রাক্-মৌসুম সফরে অস্ট্রেলিয়ায় থাকায় বর্তমান দলের অনেক খেলোয়াড় শেষকৃত্যে অংশ নিতে পারেননি।
আগামীকাল ইন্টার মিলানের বিপক্ষে প্রীতি ম্যাচে সাবেক অধিনায়ককে স্মরণ করবে এসি মিলান।
ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা সেন্টার ব্যাক মনে করা হয় বারেসিকে। ১৫ মৌসুম এসি মিলানের অধিনায়ক ছিলেন তিনি। সব মিলিয়ে ৭১৯ ম্যাচে মাঠে নেমে করেছেন ৩৩ গোল। ক্লাবটির হয়ে জিতেছেন ছয়টি সিরি ‘আ’ ও তিনটি চ্যাম্পিয়নস লিগসহ ১৮টি শিরোপা। ইতালির জাতীয় দলের হয়ে ৮১ ম্যাচ খেলা এই ডিফেন্ডার ১৯৮২ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। নেতৃত্ব দিয়েছেন ১৯৯৪ বিশ্বকাপের ফাইনালেও। ২০২০ সালে মিলানের আজীবন সভাপতি করা হয় তাঁকে, আর সম্মান জানিয়ে তাঁর বিখ্যাত ৬ নম্বর জার্সিটি চিরতরে তুলে রাখে ক্লাবটি।

