সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ‘গজনি’ সিনেমার সেই ভিলেনের মৃত্যু, শেষ দিনগুলোর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ছেলে
‘গজনি’ সিনেমার সেই ভিলেনের মৃত্যু, শেষ দিনগুলোর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ছেলে

‘গজনি’ সিনেমার সেই ভিলেনের মৃত্যু, শেষ দিনগুলোর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ছেলে

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই। ৪ আগস্ট ৭৪ বছর বয়সে রক্তের ক্যানসারের সঙ্গে লড়াই শেষে তাঁর মৃত্যু হয়। বাবার শেষকৃত্যের সময় কান্নায় ভেঙে পড়েন তাঁর ছেলে বিক্রমাদিত্য রাওয়াত। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি তুলে ধরেন অভিনেতার জীবনের শেষ কয়েকটি মুহূর্তের বেদনাদায়ক স্মৃতি।  

গতকাল বুধবার বাবার শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় নিজেকে সামলে রাখার চেষ্টা করলেও বারবার কান্নায় ভেঙে পড়ছেন বিক্রমাদিত্য। অভিনেতার স্ত্রী কল্যাণী রাওয়াতও স্বামীর মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েন। স্বজনেরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

বিক্রমাদিত্য জানান, শুরুতে পরিবারের ধারণা ছিল প্রদীপ রাওয়াত হয়তো সাধারণ কোনো পেটের সংক্রমণে ভুগছেন। চিকিৎসকেরাও প্রথমে সেই সম্ভাবনার কথাই বলেছিলেন। কিন্তু ওষুধে কোনো উন্নতি না হওয়ায় পরে রক্ত পরীক্ষা করানো হয়।
তিনি বলেন, ‘প্রথমে চিকিৎসকেরা বলেছিলেন, হয়তো পেটে সংক্রমণ হয়েছে। অনেক ওষুধ দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। পরে মা বললেন, বাবার শারীরিক অবস্থা আরও খারাপ হচ্ছে। রক্ত পরীক্ষা করানোর পর দেখা যায়, তাঁর শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এরপরই তাঁকে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসকেরা বলেন, ৯৯ শতাংশ সম্ভাবনা রয়েছে যে এটি ব্লাড ক্যানসার।’

অভিনেতা প্রদীপ সিং রাওয়াত

পরদিন পরীক্ষার মাধ্যমে সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়। বিক্রমাদিত্য জানান, মাত্র দুই মাস আগেও তাঁর বাবার সব রিপোর্ট স্বাভাবিক ছিল। তাই হঠাৎ এমন খবর পুরো পরিবারকে স্তব্ধ করে দেয়।
চোখের পানি ধরে রাখতে না পেরে তিনি বলেন, ‘গতকাল (গত মঙ্গলবার) তাঁর প্লাটিলেট নেমে মাত্র ৩ হাজারে দাঁড়ায়। স্বাভাবিকভাবে এটি ৩ লাখের বেশি হওয়া উচিত। আমরা আইসিইউর বাইরে ছুটে যাই। সব চিকিৎসক ভেতরে ছিলেন। আমি দরজা খুলে দেখি, তাঁরা বাবাকে সিপিআর দিচ্ছেন। তখনই বুঝে গিয়েছিলাম কী হতে চলেছে। এরপর মা কাঁদতে শুরু করেন। সব শেষ হয়ে গেল।’

এ সময় বাবার প্রতি চলচ্চিত্র অঙ্গনের মানুষের ভালোবাসার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন বিক্রমাদিত্য। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, বাবা এখন আরও ভালো কোথাও আছেন। এত মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন, এটা দেখে তিনি নিশ্চয়ই খুশি হতেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

প্রদীপ রাওয়াত ভারতীয় চলচ্চিত্রে শক্তিশালী খলচরিত্র ও চরিত্রাভিনেতা হিসেবে বিশেষ পরিচিত ছিলেন। সরফরোশ, লগান, সিয়ে, নায়ক এবং গজনিসহ বহু আলোচিত ছবিতে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ক্যানসার পুনরায় ধরা পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি রেখে গেছেন স্ত্রী কল্যাণী রাওয়াত ও ছেলে বিক্রমাদিত্যকে।

অভিনেতার মৃত্যুর পর সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেন সালমান খান। তিনি লেখেন, ‘তোমার সঙ্গে অনেক সুন্দর স্মৃতি রয়েছে, ভাই। শান্তিতে থেকো।’ শেষকৃত্যে উপস্থিত ছিলেন আমির খান এবং লগান–এর পরিচালক আশুতোষ গোয়ারিকরসহ চলচ্চিত্র জগতের অনেকেই।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে

About Editor Todaynews24

Check Also

‘ময়না ছলাৎ ছলাৎ’ গায়ক স্বাগতের মৃত্যু

‘ময়না ছলাৎ ছলাৎ’ গায়ক স্বাগতের মৃত্যু

পশ্চিমবঙ্গের লোকসংগীতশিল্পী স্বাগত দে মারা গেছেন। গত বুধবার রাতে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স ছিল ৫৪ বছর।‘ময়না ছলাৎ ছলাৎ’ গানটি গেয়ে শ্রোতামহলে পরিচিতি পান স্বাগত দে। ভাটিয়ালিসহ বিভিন্ন ধারার লোকসংগীতে তাঁর সমান দখল ছিল। বিস্মৃতপ্রায় বহু লোকগান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।স্বাগত দের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *