সর্বশেষ খবর
Home / সকল আপডেট / কাটআউট ডেনিমে নজর কাড়লেন সেনবাড়ির বড় মেয়ে
কাটআউট ডেনিমে নজর কাড়লেন সেনবাড়ির বড় মেয়ে

কাটআউট ডেনিমে নজর কাড়লেন সেনবাড়ির বড় মেয়ে

ডেনিম কখনোই ফ্যাশন থেকে হারিয়ে যায় না; বদলে যায় শুধু  উপস্থাপনা। আর সঠিক স্টাইলিং, নিখুঁত মেকআপ ও আত্মবিশ্বাসের ছোঁয়ায় সেই চিরচেনা ডেনিমও হয়ে উঠতে পারে আকর্ষণের কেন্দ্রবিন্দু। টালি অভিনেত্রী রাইমা সেনের সাম্প্রতিক লুক তারই উদাহরণ। চলুন, দেখে নেওয়া যাক তাঁর স্টাইলিশ ডেনিম অন ডেনিম লুক।

অনবদ্য অভিনয়ের পাশাপাশি রুচিশীল ফ্যাশন সেন্সের জন্য বরাবরই আলোচনায় থাকেন সেনবাড়ির বড় মেয়ে রাইমা সেন। বয়স প্রায় ৫০ ছুঁই ছুঁই, কিন্তু তাঁর স্টাইলিং আর আত্মবিশ্বাসী উপস্থিতি যেন সময়কেই থামিয়ে দিয়েছে। মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি কিংবা অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে—এই পরিচয়ের গণ্ডি পেরিয়ে অভিনয় ও ব্যক্তিত্বময় ফ্যাশন–ভাবনায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি। এথনিক হোক কিংবা ওয়েস্টার্ন, প্রতিটি লুকেই ফুটে ওঠে তাঁর রুচির ছাপ। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত নানা ফটোশুটের ছবি ভাগ করে নেন এই অভিনেত্রী। সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশ করা তাঁর নতুন ডেনিম লুকটিও মুহূর্তেই নজর কেড়েছে ফ্যাশনপ্রেমীদের।

ছবিগুলোর ক্যাপশনে রাইমা লিখেছেন, ডেনিমের চিরকালীন আবেদন, সফট গ্ল্যাম মেকআপ আর আত্মবিশ্বাস—এই তিনের সমন্বয়েই তাঁর এই লুক। একই সঙ্গে সৌন্দর্যচর্চা নিয়ে তিনি জানিয়েছেন, ত্বক যেন ত্বকের মতোই স্বাভাবিক দেখায়, চোখের সাজ থাকে পরিচ্ছন্ন, আর থাকে ঠিক যতটুকু প্রয়োজন, ততটুকু আভা। কারণ, সুন্দর মেকআপ কখনো মানুষকে আড়াল করে না; বরং তাঁর স্বাভাবিক সৌন্দর্যকেই আরও উজ্জ্বল করে তোলে।

এই লুকে রাইমা চেনা ডেনিমকে উপস্থাপন করেছেন একেবারে নতুন নান্দনিকতায়। আকাশি রঙের ডেনিম অন ডেনিম সেটে দেখা গেছে তাঁকে। ওপরে ক্রপড জ্যাকেট, আর নিচে হাই ওয়েস্ট ফ্লেয়ার-কাট ট্রাউজার পরেছেন।

পোশাকজুড়ে নজর কেড়েছে ফ্লোরাল মোটিফের কাটআউট ডিটেইলিং, যা সাধারণ ডেনিমকে দিয়েছে ভিন্নমাত্রা। জ্যাকেটের ক্ল্যাসিক কলার, মেটাল বাটন ও ফিটেড সিলুয়েট পুরো লুকে এনে দিয়েছে স্মার্ট স্ট্রিট স্টাইলের আবেদন। ভেতরে পরেছেন সাদা রিবড ট্যাংক টপ, যা আকাশি ডেনিমের রংকে আরও ফুটিয়ে তুলেছে।

এই লুকের আরেকটি বড় আকর্ষণ রাইমার মেকআপ। ভারী কনট্যুরিং বা নাটকীয় রঙের বদলে তিনি বেছে নিয়েছেন সফট গ্ল্যাম। চোখে হালকা আর্থ টোন আইশ্যাডো, পরিমিত আইলাইনার ও মাসকারা, গালে পিচ ব্লাশ এবং ঠোঁটে ন্যুড গোলাপি লিপস্টিক।

চুল বাঁধা পনিটেলে। মুখের দুই পাশে ছেড়ে রাখা নরম কার্ল করা সামনের চুল তাঁর মুখাবয়বকে আরও আকর্ষণীয় করে তুলেছে। জুয়েলারির ক্ষেত্রেও রাইমা রেখেছেন মিনিমাল ছোঁয়া। কানে ছোট সোনালি-সাদা টোনের স্টাড, হাতে সবুজ পাথরের আংটি, আর পায়ে ন্যুড রঙের ওয়েজ হিল—এই ছিল তাঁর সাজের অনুষঙ্গ।

ফ্যাশন–দুনিয়ায় দীর্ঘদিন ধরেই ডেনিম অন ডেনিম ট্রেন্ড ফিরে ফিরে আসছে। তবে রাইমা সেনের এই লুক সেই ট্রেন্ডেরই একটি পরিণত ও আধুনিক রূপ। এখানে নেই অযথা চাকচিক্য কিংবা অতিরঞ্জন; বরং নিখুঁত কাট, ব্যতিক্রমী ডিটেইলিং, স্টাইলিং এবং স্বতঃস্ফূর্ত আত্মবিশ্বাস মিলেই তৈরি হয়েছে একটি অনন্য ফ্যাশন স্টেটমেন্ট।

ছবি: ইন্সটাগ্রাম

About Editor Todaynews24

Check Also

পাবনার শহরের পথে পথে গর্ত আর পানি, দুর্ভোগ

পাবনার শহরের পথে পথে গর্ত আর পানি, দুর্ভোগ

দীর্ঘদিন সড়ক সংস্কার না হওয়া ও ড্রেনেজ (পানিনিষ্কাশন) ব্যবস্থা ভেঙে পড়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *