সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ‘এশিয়ান লেজেন্ডস লিগে’ খেলে নিষিদ্ধ হতে পারেন পাকিস্তানের সাবেকরা
‘এশিয়ান লেজেন্ডস লিগে’ খেলে নিষিদ্ধ হতে পারেন পাকিস্তানের সাবেকরা

‘এশিয়ান লেজেন্ডস লিগে’ খেলে নিষিদ্ধ হতে পারেন পাকিস্তানের সাবেকরা

অননুমোদিত লিগে অংশ নেওয়ায় পাকিস্তানের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারকে নিষিদ্ধ করতে পারে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের এক ডজনের বেশি সাবেক ক্রিকেটার জাম্বিয়ায় ‘এশিয়ান লেজেন্ডস লিগে’ খেলার চুক্তিতে সই করেছেন। গত সপ্তাহে জাম্বিয়া ক্রিকেট ইউনিয়ন (জেডসিইউ) এক বিবৃতিতে জানায়, এই লিগ ‘জেডসিইউ দ্বারা অনুমোদিত, স্বীকৃত বা সমর্থিত নয়’।

জাম্বিয়া ক্রিকেট ইউনিয়নের পর এবার নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। অনুমোদনহীন এই লিগে সাবেক খেলোয়াড়দের অংশ নেওয়ার বিষয়টি তারা ‘অত্যন্ত গুরুত্বের সঙ্গে’ দেখছে বলে বিবৃতিতে জানিয়েছে। পিসিবি জানায়, ঘটনাটি নিয়মবহির্ভূত হওয়ায় বাধ্য হয়েই কঠোর সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড।

পিসিবির বিবৃতিতে বলা হয়, ‘পিসিবির প্রয়োজনীয় অনুমোদন না নিয়ে অননুমোদিত ইভেন্টে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নিম্নলিখিত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

শাস্তিমূলক পদক্ষেপের বিষয়ে বিবৃতিতে বলা হয়, ‘অনুমোদিত বিদেশি ক্রিকেট লিগ বা ইভেন্টে অংশ নিতে পিসিবির অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ায় দুই বছরের নিষেধাজ্ঞা এবং পিসিবি ও পিএসএলে যেকোনো ধরনের ক্রিকেট, কোচিং, পরামর্শক, মেন্টরিং বা অন্য কোনো দায়িত্বে দুই বছরের জন্য অযোগ্য ঘোষণা করা হবে।’

ক্রিকেটবিষয়ক ওয়েব পোর্টাল ক্রিকইনফো জানতে পেরেছে, পিসিবি মনে করে যে নিয়ম লঙ্ঘন বা অপরাধটি এরই মধ্যে ঘটে গেছে। ৩০ জুলাই শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নেয়, যার একটি ‘পাকিস্তান প্যানথার্স’। দলটি পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে গঠিত এবং তারা এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে।

ক্রিকইনফোর তথ্যমতে, মোহাম্মদ হাফিজ, সোহেল তানভীর ও উমর আকমল ওই লিগে চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং খেলার উদ্দেশ্যে লুসাকায় পৌঁছেছিলেন। তবে আইসিসির কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পাওয়া যায়নি জানতে পেরে তাঁরা না খেলার সিদ্ধান্ত নেন। ধারণা করা হচ্ছে, পাকিস্তানের আরও বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার এতে অংশ নিয়েছেন।

পাকিস্তানের লাহোরে অবস্থিত পিসিবি কার্যালয়

টুর্নামেন্টের অন্য দলগুলো হলো ইন্ডিয়ান রয়্যালস, শ্রীলঙ্কান লায়নস, বাংলাদেশ টাইগার্স, আফগানিস্তান পাঠানস ও এশিয়ান স্টারস। দলগুলোয় ৯টি ভিন্ন দেশের ক্রিকেটাররা অংশ নিলেও শুধু পিসিবিই খেলোয়াড়দের অংশগ্রহণকে নিয়ম লঙ্ঘন মনে করে বিবৃতি দিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

পিসিবির বিবৃতিতে আরও বলা হয়, ‘আইসিসির নিয়মকানুন অক্ষুণ্ন রাখা এবং ক্রিকেটের সততা ও সঠিক পরিচালনা নিশ্চিতে পিসিবি পুরোপুরি অঙ্গীকারবদ্ধ। বোর্ড আবারও স্পষ্ট করে জানাচ্ছে যে পিসিবির অনুমতি সাপেক্ষ বিদেশি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে ইচ্ছুক সব বর্তমান ও সাবেক ক্রিকেটারকে খেলার আগেই প্রয়োজনীয় অনুমোদন ও অনাপত্তিপত্র (এনওসি) নিতে হবে।’

লিগের অফিসিয়াল ওয়েবসাইটে ‘পাকিস্তান প্যানথার্স’ স্কোয়াডে নিম্নলিখিত খেলোয়াড়দের নাম তালিকাভুক্ত রয়েছে। ক্রিকইনফো নিশ্চিত করেছে, তাঁদের মধ্যে সবাই না হলেও বেশ কয়েকজন এখন পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোয় অংশ নিয়েছেন।

পাকিস্তান প্যানথার্স: শারজিল খান, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, উমর আকমল, ইমরান নাজির, সাঈদ আজমল, সোহেল তানভীর, ইয়াসির শাহ, নাভিদ-উল-হাসান, মোহাম্মদ ইরফান, জুলফিকার বাবর, রাহাত আলী, হাসান রাজা, ইয়াসির ভাট ও রানা নাঈম আনোয়ার।

About Editor Todaynews24

Check Also

‘আর ফিরতে পারব কি না, জানি না’—মাকে এ কথা বলা ছেলের খোঁজ নেই প্রায় এক মাস

‘আর ফিরতে পারব কি না, জানি না’—মাকে এ কথা বলা ছেলের খোঁজ নেই প্রায় এক মাস

নিখোঁজের প্রায় এক মাস পার হলেও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা আরিফুল্লাহ জেলিনের (২৬) কোনো সন্ধান মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *