সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ‘আর ফিরতে পারব কি না, জানি না’—মাকে এ কথা বলা ছেলের খোঁজ নেই প্রায় এক মাস
‘আর ফিরতে পারব কি না, জানি না’—মাকে এ কথা বলা ছেলের খোঁজ নেই প্রায় এক মাস

‘আর ফিরতে পারব কি না, জানি না’—মাকে এ কথা বলা ছেলের খোঁজ নেই প্রায় এক মাস

নিখোঁজের প্রায় এক মাস পার হলেও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী নিরাপত্তা কর্মকর্তা আরিফুল্লাহ জেলিনের (২৬) কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ সিলেটের বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

পুলিশ বলছে, একটি তথ্যের ভিত্তিতে তদন্ত এগোচ্ছে। তবে এখনো তাঁর অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার শীতলপুর গ্রামের বাসিন্দা আরিফুল্লাহ জেলিন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক শিক্ষার্থী। চলতি বছরের এপ্রিলের শেষ দিকে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যোগ দেন। ৮ জুলাই বিমানবন্দরের আবাসিক এলাকার জি-টাইপ কোয়ার্টার থেকে তিনি নিখোঁজ হন। পরে তাঁর সহকর্মী ধনঞ্জয় কুণ্ডু বিমানবন্দর থানায় একটি জিডি করেন।

সম্প্রতি সিলেটে সংবাদ সম্মেলন করে জেলিনের মা ফরিদা ইয়াসমীন জিডিতে উল্লেখ করা সময় নিয়ে প্রশ্ন তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

যোগাযোগ করা হলে গতকাল মঙ্গলবার বিকেলে ফরিদা ইয়াসমীন বলেন, ৮ জুলাই বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভিডিও কলে ছেলের সঙ্গে তাঁর কথা হয়েছে। তখন জেলিন আবাসিক কোয়ার্টারেই ছিলেন। অথচ জিডিতে বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে রাত ১১টার মধ্যে কোনো একসময় নিখোঁজ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তাঁর প্রশ্ন, বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কথা হওয়ার পর বেলা ৩টা ৪৫ মিনিট থেকে নিখোঁজ হওয়ার তথ্য জিডিতে এল কীভাবে?

ফরিদা ইয়াসমীনের দাবি, এ তথ্যগত অসংগতি থেকে তাঁদের সন্দেহ হচ্ছে, নিখোঁজ হওয়ার প্রকৃত ঘটনা কেউ জানলেও তা গোপন করা হচ্ছে। চাকরিতে যোগ দেওয়ার পর জেলিন পরিবারকে জানিয়েছিলেন, তিনি আর এ চাকরি করতে চান না। তবে এর কারণ কখনো বলেননি। ঈদুল আজহার ছুটিতে বাড়িতে এসে ছেলে মাকে বলেছিলেন, ‘এবার সিলেটে যাওয়ার পর আর ফিরতে পারব কি না, জানি না।’ তখন বিষয়টি গুরুত্ব না দিলেও এখন সেই কথা পরিবারকে ভাবাচ্ছে।

এ বিষয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, জেলিন নিখোঁজ হওয়ার পরপরই বিষয়টি পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি থানায় জিডিও করা হয়েছে।

একটি তথ্যের ভিত্তিতে বিষয়টির তদন্ত চলছে বলে জানান বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সালাম। তিনি বলেন, জেলিনের মুঠোফোন সিলেটের সালুটিকর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে পুলিশের কাছে জমা দিয়েছেন। মুঠোফোনটি সঙ্গে না থাকায় তাঁর অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

About Editor Todaynews24

Check Also

হোসেনপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

‎কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *