সর্বশেষ খবর
Home / সকল আপডেট / এবার টিভি সিরিজে অভিনয় করবেন রোনালদো
এবার টিভি সিরিজে অভিনয় করবেন রোনালদো

এবার টিভি সিরিজে অভিনয় করবেন রোনালদো

মাঠে নিজের অসাধারণ ক্যারিয়ার দিয়ে এরই মধ্যে ফুটবল ইতিহাসের সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার সেই যাত্রায় যোগ হচ্ছে ভিন্ন এক অধ্যায়। আল-নাসরের হয়ে খেলা পর্তুগিজ তারকা এবার পা রাখছেন টেলিভিশন ড্রামার জগতে।

ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিতব্য নতুন ড্রামা সিরিজ ‘ডে ওয়ানস’ এ নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন তিনি। শুধু তা–ই নয়, ক্যামেরার সামনে বিশেষ উপস্থিতিও থাকবে তাঁর। এ প্রকল্পে তাঁর সঙ্গে থাকছেন আর্সেনাল ও ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরিও।

৪১ বছর বয়সেও মাঠে সক্রিয় রোনালদো ফুটবলের বাইরে নিজের পরিধি বাড়িয়ে চলেছেন। নতুন এই সিরিজ নিয়ে তিনি বলেন, ‘এটি আমার জন্য দারুণ রোমাঞ্চকর একটি অধ্যায়। সামনে নতুন নতুন উদ্যোগের দিকে তাকিয়ে আছি।’

এই সিরিজ নির্মাণে রোনালদোর সঙ্গী হয়েছেন হলিউডের খ্যাতিমান পরিচালক ম্যাথিউ ভন। ‘কিংসম্যান’ চলচ্চিত্র সিরিজের নির্মাতা হিসেবে পরিচিত ভন। চলতি বছর দুজন মিলে ইউআর-মার্ভ স্টুডিওস প্রতিষ্ঠা করেন। তাঁদের লক্ষ্য, প্রচলিত চলচ্চিত্র ও টেলিভিশন নির্মাণের ধারা বদলে নতুন ধরনের গল্প দর্শকদের সামনে তুলে ধরা।

ম্যাথিউ ভন রোনালদোকে নিয়ে বলেন, ‘ক্রিস্টিয়ানো মাঠে এমন সব গল্প তৈরি করেছে, যেগুলো আমি কখনো লিখতে পারতাম না। এখন তার সঙ্গে অনুপ্রেরণাদায়ক সিনেমা ও টেলিভিশনের গল্প তৈরি করার অপেক্ষায় আছি।’

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান–এর তথ্য অনুযায়ী, ‘ডে ওয়ানস’ সিরিজে ব্রিটিশ ফুটবলের বাস্তব চিত্র তুলে ধরা হবে। সাম্প্রতিক জনপ্রিয় ফুটবলভিত্তিক কমেডি সিরিজ ‘টেড ল্যাসো’র মতো হালকা মেজাজের নয়; বরং ফুটবলের কঠিন বাস্তবতা, প্রতিযোগিতা, ব্যবসা এবং পর্দার আড়ালের নানা দিক দেখানো হবে। ইতিমধ্যেই ইংল্যান্ডের ক্লাব বার্নেট এফসির মাঠে সিরিজটির শুটিং শুরু হয়েছে।

সিরিজটির আরেকটি বড় আকর্ষণ হতে যাচ্ছে অঁরির উপস্থিতি। একসময় ইংলিশ প্রিমিয়ার লিগে রোনালদো ও অঁরির লড়াই ছিল দর্শক–সমর্থকদের অন্যতম আলোচনার বিষয়। এবার বহু বছর পর দুজনকে একই প্রজেক্টে দেখা যাবে।

একটি সূত্র দ্য সানকে জানিয়েছে, বড় বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে সিরিজটির সম্প্রচারস্বত্ব নিয়ে তীব্র প্রতিযোগিতা হতে পারে। কারণ, এর সঙ্গে যুক্ত তারকাদের নামই এটিকে মর্যাদাপূর্ণ প্রকল্পে পরিণত করেছে। বিশেষ করে নাট্যপ্রযোজনায় রোনালদোর অংশগ্রহণ অনেকের কাছেই চমক হিসেবে দেখা হচ্ছে।

সিরিজটির মূল চরিত্র স্ট্যানলি ডালটন একজন প্রভাবশালী ফুটবল এজেন্ট। এই চরিত্রে অভিনয় করবেন ডেমিয়ান লুইস, যিনি ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’ সিরিজে অভিনয়ের জন্য পরিচিত। গল্পের মূল ধারণা ফুটবল এজেন্ট ড্যারেন ডিনের, যিনি থিয়েরি অঁরিরও এজেন্ট। এ ছাড়া সিরিজটিতে অভিনয় করবেন ব্রিটিশ র‍্যাপার ডেভ এবং নবাগত অভিনেত্রী কার্লোত্তা বানাত।

About Editor Todaynews24

Check Also

ফেসবুক ছেয়ে গেছে ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের ভিডিওতে, কেন, ঘটনা কী

ফেসবুক ছেয়ে গেছে ‘আজ কেন মন উদাসী হয়ে’ গানের ভিডিওতে, কেন, ঘটনা কী

শুরু হয় অভিনব এক প্রতিবাদ। নানা শ্রেণি–পেশার অসংখ্য নারী ও পুরুষ এই গানের ভিডিও নিজেদের ফেসবুকে দিতে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *