সর্বশেষ খবর
Home / সকল আপডেট / এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি
এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় আজ বুধবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভা কর্মসূচির ঘোষণা করেছে এনসিপি। একই সময়ে ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি ও হবিগঞ্জ জেলা ছাত্রদল পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে। উভয় কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতির সম্ভাবনা আছে। এ কারণে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিনষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

এমন পরিস্থিতিতে জনস্বার্থে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি হওয়ায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। আদেশ অনুযায়ী, হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মাইকিং, মিছিল, স্লোগান, পিকেটিং, যেকোনো যন্ত্রের মাধ্যমে বিকট শব্দ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে—এ ধরনের সব কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতা-কর্মীদের মারধর করা হয়। হামলার জন্য ক্ষমতাসীন বিএনপিকে দায়ী করেছে এনসিপি। সন্ধ্যায় শহরে এনসিপি প্রতিবাদ মিছিল বের করলে আরেক দফা সংঘর্ষ হয়। এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার হবিগঞ্জসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দলটি। পরে হবিগঞ্জ বিএনপি ও ছাত্রদলের পক্ষ থেকে পাল্টা প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

জেলা প্রশাসক জি এম সরফরাজ প্রথম আলোকে বলেন, জননিরাপত্তা নিশ্চিত ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই এ আদেশ জারি করা হয়েছে।

About Editor Todaynews24

Check Also

ছিনতাইয়ের পর সবজি ব্যবসায়ীকে খুন, ১৫ বছর পর দুজনের যাবজ্জীবন

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাবু ওরফে বাঘা বাবু এবং মামুন। দুজনই পলাতক। এ মামলায় সজীব নামের আরেকজন আসামি ছিলেন। তিনি মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *