সর্বশেষ খবর
Home / সকল আপডেট / আলভারেজকে নিয়ে বার্সেলোনার বিরুদ্ধে ফিফায় অভিযোগ আতলেতিকোর
আলভারেজকে নিয়ে বার্সেলোনার বিরুদ্ধে ফিফায় অভিযোগ আতলেতিকোর

আলভারেজকে নিয়ে বার্সেলোনার বিরুদ্ধে ফিফায় অভিযোগ আতলেতিকোর

বিশ্বকাপের সময় প্রকাশ্যেই নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন হুলিয়ান আলভারেজ, আতলেতিকো মাদ্রিদ ছেড়ে নিজের স্বপ্নের ক্লাব বার্সেলোনায় যেতে চান। কাতালান ক্লাবটিও তাঁকে দলে নিতে চাইছে। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে আতলেতিকো মাদ্রিদ।

বার্সেলোনার একটি সূত্র সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে, আলভারেজকে অবৈধভাবে দলে ভেড়ানোর চেষ্টার অভিযোগে আতলেতিকো মাদ্রিদ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে বার্সেলোনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে।

বার্সেলোনার তীব্র আগ্রহের মধ্যে আর্জেন্টিনা জাতীয় দলের ২৬ বছর বয়সী এই তারকা ক্লাব ছাড়াকে ‘সবার জন্যই সেরা সিদ্ধান্ত’ হবে বলে মন্তব্য করেছিলেন। তবে আতলেতিকো মাদ্রিদের বক্তব্য, আলভারেজকে জোরপূর্বক ক্লাব ছাড়তে প্ররোচিত করার লক্ষ্যে বার্সেলোনা এই ফুটবলারের সঙ্গে অবৈধভাবে সরাসরি যোগাযোগ তৈরি করেছে।

জুলাইয়ের শুরুতে বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা জানান, আলভারেজের জন্য তারা আতলেতিকোকে একটি প্রস্তাব পাঠিয়েছেন। যত দিন প্রয়োজন মনে করবেন, তত দিন এই প্রস্তাব বহাল রাখার কথাও জানান।

এএফপি জানিয়েছে, আতলেতিকো মাদ্রিদ স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছেও একটি অভিযোগ করেছে। তবে এ বিষয়ে এএফপির পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলে ফেডারেশন থেকে কোনো সাড়া মেলেনি।

এর আগে জুনে আলভারেজের জন্য রিয়াল মাদ্রিদের পাঠানো ১৫০ মিলিয়ন ইউরোর একটি বিশাল প্রস্তাব প্রত্যাখ্যান করে আতলেতিকো। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের এই প্রস্তাবকে বার্সেলোনার সম্ভাব্য চুক্তিতে বাধা সৃষ্টি করার কৌশল হিসেবে দেখেছিলেন অনেকে। তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অংশও ছিল সেটি।

গত মৌসুম শেষে অভিজ্ঞ ফরোয়ার্ড রবার্ট লেভানডভস্কি দল ছাড়ার পর তাঁর বিকল্প হিসেবে আলভারেজকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা। ২০২৪ সালে প্রায় ৮৫ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন আলভারেজ।

About Editor Todaynews24

Check Also

শুধু শাস্তির মাধ্যমে অপরাধের নির্মূল সম্ভব নয় : সিরাজুল ইসলাম চৌধুরী

শুধু শাস্তির মাধ্যমে অপরাধের নির্মূল সম্ভব নয় : সিরাজুল ইসলাম চৌধুরী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, শুধু শাস্তির মাধ্যমে অপরাধ নির্মূল করা সম্ভব নয়; বরং যেসব সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি মানুষকে অপরাধের দিকে ঠেলে দেয়, সমাজকে সেসব বিষয়ের সুরাহা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *