সর্বশেষ খবর
Home / সকল আপডেট / ‘আই হ্যাভ আ প্ল্যান’
‘আই হ্যাভ আ প্ল্যান’

‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহাম। এই ভদ্রলোককে আমি চিনি না। তবে তাঁর একটা কথা আমার ভালো লেগেছে। পত্রিকায় দেখলাম— 

‘আই হ্যাভ আ প্ল্যান’—এই চার শব্দ দিয়েই যুক্তরাজ্যের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করলেন ক্ষমতাসীন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম।

কথাটা পরিচিত লাগছে না? আমাদের প্রধানমন্ত্রী মহোদয়ও একই কথা বলেছিলেন।

এর পর থেকেই নিজেকে আমার বাংলাদেশ কিংবা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কাতারের একজন বলে মনে হচ্ছে। কারণ আই হ্যাভ আ প্ল্যান, এই একটা কথাই আমি সারা জীবন বড় গলায় বলেছি এবং প্রতি পদে ধরা খেয়েছি।

ধরা খাওয়ার শুরুটা সেই শৈশব থেকেই। 

ক্রিকেট খেলায় ওপেনিংয়ে নামি, ব্যাটে বল লাগাতে পারি না। বন্ধুরা আজেবাজে কথা বলে। আমি গম্ভীর মুখে বলি, ওয়েট, ইচ্ছা করেই এমন খেলতেছি, আই হ্যাভ আ প্ল্যান!

আমার কোনো প্ল্যানই কাজে লাগে না। পরপর কয়েকটা ম্যাচে দলকে বিপদে ফেলার পর তারা আমাকে দল থেকেই বের করে দিল। নেহাত ভদ্রঘরের সন্তান বলেই তারা কেউ আমার গায়ে হাত তোলেনি।

কলেজে উঠতে উঠতেই জীবনে প্রেমপর্ব শুরু হলো। আশির দশকের প্রেমিকার মতো কথাবার্তায় জীবন ঝালাপালা। বিয়ে করতে হবে। প্রতিষ্ঠিত হতে হবে। আরে ব্যাটা, ফিজিক্স প্রথম পত্রে পাস করি কি না, সেই টেনশনে ঘুম আসে না, আবার প্রতিষ্ঠিত! আমি গম্ভীর মুখে প্রেমিকাকে বলি, চিন্তা কইরো না, আই হ্যাভ আ প্ল্যান!

এই প্ল্যান করতে করতেই দেখি অনার্সের মাঝপথেই তাঁর বিয়ে হয়ে গেল। বুঝলাম, আমার আর কী প্ল্যান, শি হ্যাড আ বেটার প্ল্যান!

এরপরে বেকার জীবন। ভাবলাম হিমু হব। ঢাকার রাস্তায় খালি পায়ে বের হয়ে গ্যাংগ্রিন হয়ে পঙ্গু হতে হবে, এই ভেবে জুতা পরা হিমু হলাম। তাতে আমার পিতামাতা খুব একটা আপত্তি করল না। হয়তো জানত, এর চেয়ে বেশি কিছু আমাকে দিয়ে সম্ভব নয়। তাদের আপত্তি শুধু একটা জায়গায়, শীতে আমি কেন গোসল করি না।

এক শীতে গোসলহীন দশ দিন কাটানোর পর একদিন আম্মা ওড়নায় নাকমুখ চেপে ধরে বলল, আজ যদি গোসল না করিস…

হিমুরা কিছু করে না, কিছু বলে না, শুধু দেখে। আমি ভণ্ড হিমু বলেই কিনা উত্তর দিয়ে বসলাম, আজ না।

আম্মা হুংকার দিয়ে উঠল, কেন!

আমি বললাম, শীঘ্রই করব। আই হ্যাভ আ প্ল্যান…    

এটুকুই। আমাকে ঘর থেকে বের হয়ে যেতে বলা হলো। আনুষাঙ্গিক আর যা কিছু বলা হলো, তা ছাপার অক্ষরে প্রকাশযোগ্য নয়।

আমি দুই কাপড়ে (প্যান্ট ও হলুদ পাঞ্জাবি) বের হয়ে যাওয়ার সময় শুধু বললাম, বড় সন্তানকে বিদায় দিলা, শেষ বয়সে কে দেখবে তোমাদের?

আম্মা বলল, আই হ্যাভ আ প্ল্যান! বলেই ঠাস করে দরজা বন্ধ করে দিল।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর জন্য আমার পক্ষ থেকে শুভকামনা।

—বি. স.

About Editor Todaynews24

Check Also

সাভারে কেমিক্যাল ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড, আহত ৫

ঢাকার সাভারের হেমায়েতপুরে কাজীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি কেমিক্যাল ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *