Today News 24
২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে ও এইচএসসি জুনে নেওয়ার প্রস্তুতি, শিক্ষা মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ সভা
২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে নেওয়ার প্রাথমিক পরিকল্পনা থেকে সরে আসছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা–সংশ্লিষ্ট অংশিজনদের মতামতের ভিত্তিতে এখন নতুন পরিকল্পনা করা হচ্ছে—এসএসসি পরীক্ষা ২০২৭ সালের জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা একই বছরের জুন মাসে আয়োজনের প্রস্তুতি চলছে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন–এর উপস্থিতিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ মত বিনিময় সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীরা অনলাইনে যুক্ত হয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তা জানান, হঠাৎ করে ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীরা পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পাবে না। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের পাঠ্যসূচি শেষ করতেই দীর্ঘ সময় প্রয়োজন হবে বলে মত দেন অংশীজনেরা।
বর্তমানে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে ২১ এপ্রিল থেকে। অন্যদিকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জুলাই মাসে। করোনা মহামারির পর থেকেই দেশের পাবলিক পরীক্ষার পূর্বের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আসে। আগে ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এখন সেই ধারাবাহিকতা পুরোপুরি ফিরে আসেনি।
সভায় যুক্ত হওয়া একজন শিক্ষার্থী বলেন, “হুট করে ডিসেম্বরে পরীক্ষা নিলে আমাদের প্রস্তুতিতে ঘাটতি থেকে যাবে। পাঠ্যসূচিও পুরোপুরি শেষ করা সম্ভব হবে না।”
এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, শিক্ষামন্ত্রী বিষয়টি অংশীজনদের মতামতের ওপর ছেড়ে দিয়েছেন। যেহেতু মাধ্যমিক পর্যায়ের শিক্ষাবর্ষ ডিসেম্বরেই শেষ হয়, তাই পাঠ্যসূচি সম্পন্ন করে জানুয়ারিতে এসএসসি পরীক্ষা নেওয়ার পক্ষে মত এসেছে। একইভাবে, একাদশ শ্রেণির ক্লাস দেরিতে শুরু হওয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের অন্তত ১৮ মাস সময় দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। সেই বিবেচনায় জুন মাসে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তাব গুরুত্ব পাচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ভবিষ্যতে দেশের শিক্ষাব্যবস্থা আরও সমন্বিত ও পরিকল্পিতভাবে পরিচালনার লক্ষ্যে নির্দিষ্ট সময়ে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তবে সেটি বাস্তবায়ন করতে ধাপে ধাপে পরিকল্পনা করা হবে, যাতে শিক্ষার্থীরা কোনো ধরনের চাপ বা বিভ্রান্তির মধ্যে না পড়ে।
শিক্ষাবিদদের মতে, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবর্ষের সঙ্গে পরীক্ষার সময়সূচির সমন্বয় করা গেলে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে শৃঙ্খলা ফিরে আসবে এবং উচ্চশিক্ষায় ভর্তিপ্রক্রিয়াও আরও সহজ হবে।